ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়ায় ভদ্রা ও হরি নদীর তীর দখল করে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি ইটভাটা। অধিকাংশ ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। সম্প্রতি এসব ভাটা উচ্ছেদ করতে আদালত নির্দেশ দিলেও এখনও কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, নদী ও চর দখল করে ইটভাটা গড়ে তোলায় গত বছরের ২২ ফেব্রুয়ারি স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১৪ জনকে বিবাদী করে হাইকোর্টে রিট করেন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র পক্ষে সারওয়ার আহাদ চৌধুরী। সে সময় এসব ইটভাটার কার্যক্রম স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত।
আদালতের আরেক আদেশে ডুমুরিয়ার ভদ্রা ও হরি নদীর সীমানা নির্ধারণ করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দিতে জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডুমুরিয়াকে নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন জরিপ করে ১৪টি ইটভাটার তালিকা আদালতে দাখিল করে। পরে বাদী পক্ষ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করে। গত বছরের ১৪ ডিসেম্বর আদালত ৬০ দিনের মধ্যে ইটভাটাগুলো উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
ডুমুরিয়ায় ভদ্রা ও হরি নদী দখল করে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, তার তিন ভাই আবদুল লতিফ জোয়াদ্দার, আবদুল কাউয়ুম জোয়াদ্দার, শাহজান জোমাদ্দার, ও ফয়জুল রহমানসহ ১৪ জনকে মামলার বিবাদী করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, ইটভাটার মালিকরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব ভাটায় কাঠ পোড়ানোসহ ইট তৈরি করছেন।
তিনজন ইটভাটা মালিক জানিয়েছেন, ১৪টি ইটভাটার কার্যক্রম স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হলেও ভাটাগুলোর কার্যক্রম থেমে নেই।
ইটভাটাগুলোতে আদালত পরিচালনার ভয় দেখিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মো. মিরাজ হোসেন মোটা অঙ্কের উৎকোচ নেন। এ ব্যাপারে মো. মিরাজ হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ভূমি অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
ভাটা মালিক ইসমাইল হোসেন বিশ্বাস ও কাইয়ুম জোমাদ্দার জানান, ইটভাটার কার্যক্রম বন্ধের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা জেনেছেন তারা। কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের কেউ কিছু বলেননি। তাই সব ইটভাটা যেভাবে চলছে, তারাও সেভাবে ভাটা পরিচালনা করছেন।
ভাটা মালিক ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ জোয়াদ্দার ও ফয়জুল রহমান দাবি করেন, তারা ভূমিহীনদের জমি ভাড়া নিয়ে নদীর চরে ইটভাটা পরিচালনা করছেন। প্রতি বছর সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া ভাটায় আগুন জ্বালাতে প্রথমে কাঠ ব্যবহার করতে হয়। তাই ভাটায় কিছু কাঠ রাখা হয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে অগ্রিম ছাড়পত্র নেওয়া আছে।
ডুমুরিয়ার ইউএনও আবদুল ওয়াদুদ জানান, ভাটা উচ্ছেদের বিষয়ে আদালতের নির্দেশ পেয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ভাটা এলাকায় লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণের কাজ চলছে। দ্রুত অবৈধ ইটভাটা অপসারণ করা হবে।
ইউএনও আরও বলেন, ‘ভূমি অফিসের কোনো লোক ইটভাটা থেকে সুবিধা গ্রহণ করেছে- এমন প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান জানান, ডুমুরিয়ার কোনো ইটভাটাকে পরিবেশের ছাড়পত্র দেওয়া হয়নি।











































