ঝিনাইদহ প্রতিনিধি ।।
অবৈধ ভূমিদস্যুদের আগ্রাসী গ্রাসে হারিয়ে যাচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী আড়পাড়া-নিশ্চিন্তপুরের ওয়াপদা খালটি। এই খাল দিয়েই নির্গত হতো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলের বর্জ্য। খাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই তেমন কোনো উদ্যোগ। খাল খনন করে আগের রূপে দেখতে চাই এলাকাবাসী।
প্রভাবশালী ও অবৈধ্য দখলদারদের দখল উৎসব, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং অবহেলার কারণে দিনের পর দিন কালীগঞ্জ পৌর এলাকার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে কালীগঞ্জ শহরের আড়পাড়ার ওয়াপদা খালটি। খালটি দখল করে হরহামেশায় দখলদাররা তৈরি করছে বড় বড় ইমারতসহ মার্কেট। এসব ভূমিদস্যুদের হাত থেকে এই পুরাতন খালটি দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর।
ওয়াপদা খাল এখন মৃতপ্রায়। অবৈধভাবে দখল করে খালের দু’পাশে বাড়ি এবং অবশিষ্ট অংশ ময়লা-আবর্জনা দিয়ে ভরাট করে ফেলেছে। বর্জ্য ফেলায় দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
ফলে দু’পাড়ের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঐ অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বর্ষকাল আসলেই পানিতে তলিয়ে যাচ্ছে শহরের একাংশ।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে আগাছা ও ঘন বন-জঙ্গলে পরিপূর্ণ হয়েছে। অন্যদিকে ময়লা, আবর্জনা আর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ হচ্ছে। মশা-মাছিসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এ অঞ্চলের মানুষ। এলাকাবাসীর অভিযোগ জলাশয়গুলো তদারকি করার কেউ না থাকায় যার যা ইচ্ছে করছে।
কালীগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি সদরউদ্দীন মিয়া বলেন, সকল জলাশয় মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পুনরায় খাল খনন করে পানি প্রবাহ ও পরিবেশ স্বাভাবিক রাখার ব্যবস্থা নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই আশা করেন তিনি।
এ ব্যাপারে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, কালীগঞ্জ উপজেলা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ব্যস্ত এবং বাণিজ্যিক উপজেলা। এ উপজেলার প্রাণকেন্দ্রে এই খালটি প্রবাহিত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভূমিদস্যুরা খালটি দখল করে নিয়েছে। সিদ্ধান্ত নিয়েছি খুব শিগগিরই প্রশাসনের সহয়তায় দখলমুক্ত করে পুরাতন যে রূপ ছিল সেই রূপ ফিরিয়ে আনবো।











































