ঢাকা অফিস।।
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি বাঘ ও একটি সিংহ অসুস্থ হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সাফারি পার্ক পরিদর্শন শেষে রোববার তিনি এ কথা জানান। মো. শাহাব উদ্দিন বলেন, একটি বাঘ ও একটি সিংহ অসুস্থ। এগুলোর চিকিৎসা চলছে। পরিদর্শনের সময় সেখানে উপস্থিত প্রতিমন্ত্রী বাঘ ও সিংহকে দেওয়া খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন। মাংসের সঙ্গে হাঁড়ের পরিমাণ বেশি থাকে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে, গত ২ জানুয়ারি থেকে সাফারি পার্কে একের পর এক জেব্রা মরতে থাকে। সবশেষ ২৯ জানুয়ারি শনিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যেই দুটি জেব্রার মৃত্যু হয়। ১২ জানুয়ারি একটি বাঘ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যায়। খবরটি দীর্ঘদিন গোপন রেখেছিল কর্তৃপক্ষ। অন্যদিকে ৩ ফেব্রুয়ারি দুপুরে পার্কটিতে একটি সিংহীর মৃত্যু হয়েছে।











































