Home খেলাধুলা বোপারা বিতর্কের ম্যাচে খুলনার রোমাঞ্চকর জয়

বোপারা বিতর্কের ম্যাচে খুলনার রোমাঞ্চকর জয়

12


স্পোর্টস ডেস্ক।।

সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের টসের সময় থেকেই আলোচিত চরিত্র বোপারা। এই ম্যাচের ঠিক আগে পরিবর্তন আসে সিলেটের নেতৃত্বে। আগের ৬ ম্যাচে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেনের জায়গায় অধিনায়ক হন বোপারা। আগের ম্যাচে যিনি দলেই ছিলেন না। একাদশ থেকে বাদ পড়েছিলেন ৪ ম্যাচের বাজে পারফরম্যান্সে। নতুন দায়িত্ব পেয়েই বিতর্কিত এক কাজ করে বসলেন এ ইংলিশ অলরাউন্ডার। খেলা চলাকালীন বল টেম্পারিং করতে দেখা গেছে এই ক্রিকেটারকে। বিষয়টি আম্পায়ারদের নজরে আসার পর নতুন বলে শুরু হয় ম্যাচ।

শাস্তি হিসেবে প্রতিপক্ষ খুলনা টাইগার্সের স্কোরে ৫ রান যুক্তও করা হয়েছে। যদিও বোপারা বিতর্ক একপাশে রেখে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে থেমেছে সিলেটের ইনিংস। ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুশফিকুরের দল।

নখ দিয়ে বলের বিকৃতি করার চেষ্টা রবি বোপারার
ম্যাচের শুরুতে টস জিতে খুলনাকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক রবি বোপারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। সোহাগ গাজীর করা প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। ১ রানে আন্দ্রে ফ্লেচার এবং শূন্যরানে ফেরেন শেখ মেহেদি হাসান। আর ইয়াসির রাব্বি আউট হওয়ার আগে করেন ২৩ রান। এরপর চেষ্টা করলেও সৌম্য সরকারের সঙ্গে ইয়াছির আলী রাব্বির প্রতিরোধটা বড় হলো না। দলীয় ৪৬ রানের মাথায় ১৮ বলে ২৩ রান করে ফেরেন ইয়াছির। সৌম্যকে নিয়ে মুশফিকের প্রতিরোধ সেখান থেকেই। প্রথম ১৮ বলে মুশফিকের রান ছিল ১৭। এরপর হাত খুলেছেন খুলনার অধিনায়ক। অপর প্রান্তে সৌম্য খেলে গেছেন নিজের মতো করেই। চতুর্থ উইকেটে ৮৪ বল খেলে দুজন ১৩১ রান তুলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে খুলনা। সৌম্য ৬২ বল খেলে ৪টি করে চার-ছয় হাঁকিয়ে ৮২ রানে অপরাজিত ছিলেন। মুশফিক ৩৮ বল খেলে ৬২ রান করে অপরাজিত ছিলেন। খুলনার অধিনায়ক চার মেরেছেন ৬টি, ছক্কা ২টি।

রবি বোপারার বল টেম্পারিংয়ের ঘটনা ইনিংসের নবম ওভারে। মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় এই ম্যাচে সিলেটকে নেতৃত্ব দিতে নামা বোপারা ইনিংসের নবম ওভারে বোলিং করতে এসে বল টেম্পারিং করেন। টিভি পর্দায় স্পষ্ট ধরা পড়ে নখ দিয়ে বল খুঁটছেন তিনি। বিষয়টি দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদেরও।

ওভারের তৃতীয় ডেলিভারির পর বল পরখ করে দেখে বিষয়টি ধরতে পারেন তারা। পরে বল পরিবর্তন করা হয়েছে। শাস্তি হিসেবে প্রতিপক্ষ খুলনার স্কোরে ৫ রান যোগও করা হয়েছে। পরে পরিবর্তিত বল নিয়ে বোলিং করেছেন বোপারা। বিপিএলে অতীতে বল টেম্পারিং করে শাস্তি পাওয়ার মতো ঘটনা ঘটেনি।

খুলনার পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ১০ রানে ফেরেন ওপেনার সিমন্স। তীয় উইকেটে কলিন ইনিগ্রামকে সঙ্গে নিয়ে এগোচ্ছিলেন এনামুল হক বিজয়। অর্ধশতক থেকে মাত্র তিন রান দূরে হাকতে থিসারা পেরেরার বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে বিজয় ফিরলে ধস নামে সিলেটের ব্যাটিং অর্ডারে।

এনামুলের ফেরার পর একপাশ আগলে রাখেন কলিন ইনগ্রাম তবে অন্য প্রান্তে ছিল যাওয়া আসার খেলা। মোহাম্মদ মিঠুনকে ২ রানে সৌম্য সরকার ও রবি বোপারাকে শূন্যতে ফেরান থিসারা পেরেরা। কলিন ইনগ্রামকে দলীয় ১৩১ রানের মাথায় ৩৮ (২০) রানে ফেরান কালেদ আজমেদ। এরপর অলোক কাপালি ২ রানে ফেরার পর মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবুর জুটি দলকে নিয়ে গিয়েছিল জয়ের দ্বারপ্রান্তে।

শেষ দিকে টর্নেডো ইনিংসে ম্যাচ জমিয়ে তুলেছিলেন আলাউদ্দিন বাবু। কিন্তু তার ৭ বলে ২৫ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানই কমাতে পারে সিলেটের জন্য। আর উইকেটের অপরপ্রান্তে ২২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। এতেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান তুলতে পারে সিলেট সানরাইজার্স। আর খুলনা টাইগার্স পায় ১৫ রানের দুর্দান্ত এক জয়।

খুলনার হয়ে দুটি করে উইকেট নেন সৌম্য সরকার এবং থিসারা পেরেরা। আর একটি করে উইকেট নেন খালেদ আহমেদ এবং নাবিল সামাদ।

সিলেট সানরাইজার্স:

রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালি, একেএস স্বাধীন, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম।

খুলনা টাইগার্স:

মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা।