মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) ।।
শীতকালীন সবজি হিসেবে সবার কাছে শিম বেশ জনপ্রিয় একটি সবজি। শীত মৌসুম শুরুর দিকে উৎপাদন কম হওয়ায় বাজারে এর দাম বেশি থাকে। এই অসময়েও বেশি দামে শিম বিক্রির আশায় দাকোপের চাষিরা শিম চাষে ঝুঁকে পড়েছেন। কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় চলতি মৌসুমে শিম বিক্রি করে চাষিরা বেশ লাভবান হচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা, ধোপাধী, ভুটেমারী,গাধাামারী, লাউডোব, দাকোপ, বানিশান্তা, বাজুয়াসহ কয়েকটি গ্রামের মাঠে প্রচুর পরিমাণ শিম চাষ হয়েছে। মাঠের পর মাঠ শিম ফুলে ভরে উঠেছে। চাষি শিম ক্ষেতে সেচ ও কীটনাশক দিচ্ছেন। কেউ করছেন শিম গাছের পরিচর্যা। আবার কেউ বা তুলছেন শিম। উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে প্রচুর পরিমাণে শিম চাষ হয়েছে। বাজুয়ার কচা গ্রামের প্রভাষ থান্দার বলেন, শীত মৌসুম শুরুর আগেই ক্ষেত প্রস্তুত করে বপন করেন শিমের বীজ। পুরো শীতে শিম বিক্রি করে বেশ লাভবান হন। শীতের পাশাপাশি গরমেও এ সবজি চাষ হচ্ছে বলে তিনি জানান। নতুন চাষ পদ্ধতি অবলম্বন করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। শিমে অন্যান্য সবজির মতো ভাইরাস নেই বললেই চলে। সব ধরনের মাটিতেই শিমের চাষ হয়। বাড়ির চালে, মাচায়, রাস্তা কিংবা পুকুর পাড় এমনকি জমির আইলে এসবজি চাষ করা যায়। বাজারে শিমের চাহিদা ভালো, দামও বেশি, তাই গ্রীষ্মেও শিম চাষে ঝুঁকছেন এ অঞ্চলের চাষিরা। লাউডোব গ্রামের আরেক শিম চাষী অলি শেখ বলেন, দীর্ঘ দশ বছরেরও বেশি আমি শিম চাষ করছি। এপর্যন্ত প্রায় ৫ হাজার টাকা ব্যয় হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে ২০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবো বলে আশা করছি। একই গ্রামের আরেক শিম চাষী ইদ্রিস গাজী বলেন, এবার আমি দুই কাঠা জমিতে শিম চাষ করেছি। প্রতি সপ্তাহে আমার ১০০ থেকে ২০০ টাকার কীটনাশক লাগে। সার, কীটনাশকের দাম বেশি হলেও উৎপাদন খরচ উঠে যাবে বলে জানান তিনি। বানিশান্তা গ্রামের শিম চাষি মোহর আলী জানান, প্রতিবছর আমি শিম চাষ করি। আমার ভালো লাভ হয়। কম খরচে বেশি লাভবান হওয়া যায় শিম চাষ করে। আগামী বছর আরও বেশি পরিমাণে শিম চাষ করার ইচ্ছা আছে। শিম ব্যবসায়ী অমল বলেন, প্রায় এক যুগ ধরে আমি নিজে শিম চাষ করে ও কৃষকের কাছ থেকে শিম কিনে বাজুয়া বাজারে বিক্রি করি। ক্ষেত থেকে চাষিরা শিম বিক্রয় করে লাভবান হয় সেই সাথে আমিও লাভবান হই। শিম ব্যবসায়ী কানাই বলেন, অনেকদিন ধরে আমি শিম ও সবজির ব্যবসা করি। চাষিরা শহরে শিম নিয়ে গেলে কেজি প্রতি ৩ টাকা করে খরচ হয়। সেই জন্য চাষিরা ক্ষেত থেকে আমাদের কাছে শিম বিক্রি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, এই মৌসুমে শিমের ফলন ভালো হয়েছে। আবহাওয়া ভালো হওয়ায় শিম চাষে চাষি বেশি লাভবান হবেন। অল্প জমিতে স্বল্প পুঁজি দিয়েই চাষ করা হয় শিম। এতে বেশ লাভ হওয়ার সুযোগ রয়েছে। তাই প্রতিবছর চাষিরা শিম চাষ করেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে চাষিদের মুখে।











































