খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। পাশাপাশি শিশু স্বাস্থ্য ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণেও বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, সঠিক পরিচর্যা এবং অবিভাবকদের সচেতনতার অভাবে শিশুরা অপুষ্টিজনিত নানা রোগে আক্রান্ত হয়। সঠিক সময়ে প্রতিশেধক টিকাদানসহ তাদেরকে পুষ্টিকর খাবার প্রদান করা গেলে শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র আজ সোমবার সকালে নগরীর কাস্টমঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে ‘‘ট্রেইনিং অন নিউট্রিশন ফর কেসিসি হেলথ স্টাফ’’ শীর্ষক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা সিটি কর্পোরেশন ও ইউএসএআইডি যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কেসিসিসহ বেসরকারি সংস্থা সূর্যের হাসি ও বাপসা’র ২৬ জন স্বাস্থ্যকর্মী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। ইউএস ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এফএইচআই-৩৬০ এবং ইউএসএআইডি’র সহযোগিতায় গৃহীত ‘‘স্ট্রেনদিং নিউট্রিশন প্রোগ্রাম থ্রু ইমপ্লিমেন্টেশন সাইন্স একটিভিটি’’ শীর্ষক প্রজেক্টের আওয়ায় সংস্থাটি খুলনা মহানগরীতে পুষ্টি বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করছে।
কর্মশালায় সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকার মা ও শিশুদের পুষ্টির চাহিদাপূরণে পর্যাপ্ত সহযোগিতা দিচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আজকের শিশুরা আগামী দিনে কর্মক্ষম নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে শিশুদের সুরক্ষায় আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, প্রজেক্টের আওতায় নির্ধারিত চারটি ইপিআই কেন্দ্রে ওজন ও উচ্চতা মাপার মেশিন এবং গ্রোথ চার্ট সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ০-২৪ মাস বয়সী যে সকল শিশু ইপিআই কেন্দ্রে আসে তাদের জিএমপি প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হবে এবং এই সকল শিশুকে প্রতি মাসে ১ বার ওজন ও পরবর্তী তিন মাস পর পর উচ্চতা পর্যবেক্ষণ করা হবে। অক্টোবর ২০২১ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫’শত ১৮ জন শিশুকে জিএমপি ও পুষ্টি পরামর্শ এবং সংশ্লিষ্ট ২ হাজারের বেশী মা ও পরিবারবর্গকে সেবা প্রদান করা হয়েছে।
কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার হালদার, এফএইচআই-৩৬০ প্রজেক্টের পুষ্টি বিষয়ক উপদেষ্টা ডা. নাছরিন জাহান, বাপসা’র প্রজেক্ট ম্যানেজার মোঃ গোলাম রসুল, নগর মাতৃসদন কেন্দ্রের ফ্যামিলি প্লানিং কো-অর্ডিনেটর ডা. তারানা তাবাচ্ছুম চৌধুরী, ডা. সৈকত দাস, ডা. অপূর্ব বিশ্বাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।











































