Home আঞ্চলিক খুলনায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

8

স্টাফ রিপোর্টার   ।।

খুলনা জেলার দাকোপ থানাধীন চালনা বাজারের একটি বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধারের মাদক মামলার পৃথক দুটি ধারায় যাবজ্জীবন ও ৩ বছরের সশ্রম কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা জেলার রূপসা থানার কিসমত গ্রামের বুরহান হাওলাদারের স্ত্রী নাছিমা আক্তার (৩২)। সে দাকোপ থানাধীন চালনা বাজারের ইছাল শেখের মেয়ে। রায়ে মাদক মামলার ১৯ এর (১) টেবিলের ১ এর খ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনের ৩ এর (খ) ধারায় তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল হোসেন মিনা নথীর বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানাধীন চালনা বাজারের একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির দ্বিতীয় তলার বসিন্দা নাসিমা আক্তারের ঘর তল্লাশি করে তারা ৩০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর দক্ষিণ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে নাসিমাকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৫। ওই বছরের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম নাছিমাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট এম ইলিয়াস খান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আক্তার জাহান রুকু।