মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দোকানপাট ভাংচুর ও নারীসহ তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে পৌর শহরের রবীন্দ্রনাথ সড়কে এ হামলা ও ভাংচুর চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় আটজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
মোংলা থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনাথ সড়কের বাসিন্দা মোঃ সেলিম মোল্লার সাথে একই এলাকার মোঃ ওসমান চৌকিদারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে সোমবার সকালে সেলিম ও তার মেয়ে শারমিন আক্তার মাধুরি দোকানে থাকা অবস্থায় দোকানে এসে হামলা-ভাংচুর চালায় প্রতিপক্ষ ওসমানসহ তার লোকজন। এ সময় সেলিম ও তার মেয়ে এবং স্ত্রীকে মারপিট করে তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মোংলা থানার এসআই মোঃ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করি। তবে এ ঘটনায় ওসমান চৌকিদার, ইব্রাহিম চৌকিদার, বেল্লাল ফকির, মমতাজ বেগম, মরিয়ম বেগম, মুকুল বেগম, সুজলা বেগম ও মুক্তা বেগমকে আসামী করে একটি অভিযোগ দিয়েছেন সেলিমের স্ত্রী জেসমিন বেগম। বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।











































