Home আঞ্চলিক খুলনায় ফুলতলায় মুসলিমা হত্যায় গ্রেপ্তার দুই : খন্ডিত মস্তক উদ্ধার

খুলনায় ফুলতলায় মুসলিমা হত্যায় গ্রেপ্তার দুই : খন্ডিত মস্তক উদ্ধার

107

স্টাফ রিপোর্টার ।।

খুলনা জেলার ফুলতলা থানাধীন উত্তরডিহি এলাকায় গণধর্ষনের পর গলা কেটে হত্যা করা যুবতী মুসলিমা (২১)’র খন্ডিত মস্তক উদ্ধার করেছে র‌্যাব-৬। হত্যাকান্ডের ৩দিন পর প্রকৃত দু’খুনিকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যমতে সেই মস্তক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় র‌্যাবের অভিযান শুরু হয়। দুপুর ১টা নাগাদ অভিযান শেষে র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ ঘটনাস্থলেই ব্রিফিং করেন। এসময় মুসলিমার পরিহিত জামা কাপড়, জুতা এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই দু’যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিরা হলেন ফুলতলা উপজেলার যুগ্নীপাশা পুর্বপাড়ার মোশারফ খন্দকারের ছেলে রিয়াজ খন্দকার (২৬) ও একই এলাকার শিলন সরদারের ছেলে সোহেল (২০)। তাদেরকে ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত মুসলিমা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাইস্যাখালী গ্রামের মো. এমদাদুল ইসলামের মেয়ে। সে দামোদর গ্রামের মো. শহিদুল হকের ভাড়া বাড়িতে থেকে  ফুলতলার আয়ান জুট মিলের শ্রমিকের কাজ করতেন।  

র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, গত ২৬ জানুয়ারি সকালে ফুলতলার উত্তরডিহি এলাকার ধান খেত থেকে মুসলিমার মস্তকবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে র‌্যাব-৬ ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্য ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ হত্যাকান্ডের সাথে জড়িত দু’জনকে ২৮ জানুয়ারি গভীর রাতে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্য মোতাবেক ভিকটিমের মস্তকসহ অন্যান্য আলামত উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ড এবং হত্যার পুর্বে গণধর্ষনের কথা স্বীকার করেছে।

অভিযুক্তদের বরাত দিয়ে র‌্যাব অধিনায়ক আরও জানান, ২৫ জানুয়ারি ঘটনার দিন রাতে গণধর্ষনের পর হত্যার পরিকল্পনাকালে মুসলিমা তাদের কাছে মিনতি করেও রক্ষা পায়নি। মুসলিমা খুনিদের বার বার বলেছিলো “আমার বাবা খুব অসুস্থ হাসপাতালে ভর্তি” ধর্ষণের ঘটনা কাউকে বলবো না আমাকে ছেড়ে দেও। কিন্তু তবুও মুসলিমাকে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছিলো খুনিরা।

মস্তক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নিহত মুসলিমার বোন আকলিমা খাতুনসহ স্বজনরা। তাদের আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে যায়। শত শত মানুষ ঘটনা দেখার জন্য ভিড় জমান। আকলিমা বলেন, এদেরকে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসিতে মৃত্যুদণ্ড চাই। একই দাবি জানান ওই এলাকার মানুষ।

মামলার বিবরণে জানা যায়,  গত ২৬ জানুয়ারি সকালে ফুলতলার উত্তরডিহি এলাকার ধান খেত থেকে মুসলিমার মস্তকবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ময়না তদন্ত শেষে ২৭ জানুয়ারি মস্তকবিহীন দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় নিহতের বোন আকলিমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন যার নং-১৩। ওই এজাহারে বলা হয়, ২৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে কল পেয়ে মুসলিমা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার হয়।