স্টাফ রিপোর্টার।।
উপকূলীয় দুর্গত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছিল একটি নৌ অ্যাম্বুলেন্স। কিন্তু তা সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। বর্তমানে নৌ অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বিনোদন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রটোকল দেওয়ার কাজে। এক বছরে মাত্র ১৫ জনের মতো রোগী বহন করেছে নৌ অ্যাম্বুলেন্সটি। বাকি সময় পড়ে থেকেছে পাশের চুনকুড়ির তীরে।
দাকোপের সড়কব্যবস্থার দুরবস্থার কারণে রোগী পরিবহনে সমস্যা হয়। কিছু কিছু ইউনিয়ন থেকে সদর উপজেলায় আসার প্রধান মাধ্যম নদীপথ। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে নৌ অ্যাম্বুলেন্স দাবি করে আসছিল দাকোপবাসী। ২০২০ সালের নভেম্বরে ওই দাবি পূরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া হয় একটি নৌ অ্যাম্বুলেন্স। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নৌ অ্যাম্বুলেন্স সম্পর্কে কোনো প্রচারণা চালানো হয়নি।
দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হক নিজামী বলেন, নৌ অ্যাম্বুলেন্সটি চালানোর জন্য স্থায়ী কোনো চালককে নিয়োগ করা হয়নি। প্রাথমিকভাবে হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া একরামুলকে ওই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর চাকরিই আর নেই। তবু তিনিই বর্তমানে সেটির দেখভাল করছেন। অ্যাম্বুলেন্সটি পড়ে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই সচল রাখার জন্য তাঁরা মাঝেমধ্যে তাতে চড়ে ঘুরে বেড়ান। এ ছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপকূলীয় এলাকায় এলে প্রটোকল দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
সুতারখালী গ্রামের রাজীব মণ্ডল বলেন, এলাকার জন্য নৌ অ্যাম্বুলেন্স খুবই দরকার। বিশেষ করে বর্ষা মৌসুমে রোগী নিয়ে চলাচলে খুবই কষ্ট হয়। তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে যে একটি নৌ অ্যাম্বুলেন্স রয়েছে, তা কেউ জানেন না।
সুতারখালী ইউপির চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, ‘এখানে যে একটি নৌ অ্যাম্বুলেন্স রয়েছে, তা আমি নিজেই জানি না। কোনো প্রচারও নেই। প্রচারণা না থাকলে সাধারণ মানুষ সেটি জানবে কী করে।’











































