খুলনাঞ্চল রিপোর্ট ।।
ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিলের পর এবার গণঅনশনের ডাক দিয়েছে। শনিবার রাত ৭টায় গোলচত্বরে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের পক্ষে ইয়াসির সরকার এই কথা বলেন। তিনি বলেন, ২৩ শিক্ষার্থীর আমরণ অনশনের ৭৫ ঘণ্টা অতিবাহিত হলেও ভিসি পদত্যাগ না করায়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের সহযোদ্ধাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে গণঅনশনে বসার সংকল্প নিয়েছেন। ভিসির পদত্যাগপত্র স্বচক্ষে না দেখা পর্যন্ত অনশন চলবে। গণঅনশন রাত ৮টা থেকে শুরু হবে। যে কেউ গণঅনশনে অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যে ইফতেকার আল মাহমুদ, সামিরা ফারজানা ও সামিউল এহসান শাকিল নামে তিনজন গণঅনশনে বসার সিদ্ধান্ত নিয়েছে। অনশনরত কোনো শিক্ষার্থী মারা গেলে তার দায় ভিসিকেই নিতে হবে বলে জানান তিনি। এ দিকে শনিবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কয়েক শতাধিক বিক্ষোভকারীর অংশগ্রহণে কাফন পরিধান করে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিকী কফিন কাধে নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এদিকে অনশনরত শিক্ষার্থীদের অবস্থা ভালো নেই, বেশির ভাগের অবস্থাই মরণাপন্ন। স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটায় কিছু শিক্ষার্থীকে অনশন ভাঙ্গার পরামর্শ দিয়েছেন ডাক্তার। এখন পর্যন্ত সিলেটের তিনটি হাসপাতালে মোট ১৬ জন গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে । এছাড়া ভিসির বাস ভবনের সামনে অনশনরত সাত জনের অবস্থাও ভালো নেই বলে জানান আন্দোলনকারীরা।
এদিকে অনশন ভেঙে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ক্যাম্পাসে পুলিশি অভিযান নিঃসন্দেহে দুঃখজনক। তেমনই শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনাও দুঃখজনক। শিক্ষার্থীদের যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, চলমান সংকট নিয়ে আরও আলোচনা করতে হবে। আশাকরি আলোচনার মাধ্যমে শিগগিরই এ সংকট সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীর হেয়ার রোডে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্ত্রীর বাসায় এই বৈঠক শুরু হয়, রাত ৮টা পর্যন্ত বৈঠক চলে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীপু মনি। মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেয়া শিক্ষকদের প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম।











































