মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের নাব্যতা রক্ষায় নদীর দুই পাড়ে রাখা উত্তোলিত বালু অন্যত্র সরানো ও নতুন বালু ফেলার জন্য জমি অধিগ্রহণই একমাত্রই ভরসা হয়ে দাঁড়িয়েছে। বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার উপর দিয়ে প্রবাহমান ঘাষিয়া চ্যানেলটিতে চলমান সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখতে না পারলে আবারো এ নৌপথ বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা। এ চ্যানেলের খননকৃত বালু ফেলার জায়গা সংকটের কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নিয়মিত ড্রেজিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া উত্তোলিত মাটি-বালু অপসারণের জন্য স্থানীয় কয়েকটি রাস্তা ব্যবহারের ক্ষেত্রেও বাঁধার সম্মুখীন হচ্ছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, এই ঘাষিয়াখালী চ্যানেলটি পলি পড়ে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সম্পূর্ণভাবে ভরাট হয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে তেলবাহী ট্যাংকারসহ সকল নৌযান সুন্দরবনের অভ্যন্তরের শ্যালা নদী দিয়ে যাতায়াত শুরু করে। ওই সময়ে সুন্দরবনে ট্যাংকার ডুবে বনের ও আশপাশের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। তখন এ ইস্যুতে দেশী-বিদেশী পরিবেশবাদীরা সোচ্চার হন। এরপরই সরকার ঘাষিয়াখালী চ্যানেলটি সচলের সিদ্ধান্ত নিলে বিআইডব্লিউটিএ নাব্যতা ফেরাতে ২০১৪ সালে খনন কাজ শুরু করে। প্রায় ২৩/২৬ কিঃ মিঃ নৌপথ খনন শেষে প্রধানমন্ত্রী ২০১৬ সালে চ্যানেলটি আবারো উম্মুক্ত ঘোষণা করেন। সেই থেকে প্রতিদিন জোয়ারের সুবিধা নিয়ে গড়ে ১০০টি বিভিন্ন ধরণের গভীরতা সম্পন্ন নৌযান চলাচল করছে। খননের পর থেকে প্রায় ১ লাখ ৯৭ হাজারেরও বেশি নৌযান এ পথদিয়ে চলাচল করেছে।
চ্যানেলটি থেকে এ পর্যন্ত ৩৩৮.৯৭ লাখ ঘনমিটার পলি উত্তোলন করা হয়েছে। চ্যানেলের বর্তমান গভীরতা ভাটার সময় ১৬ ফুট ও প্রসস্ত আড়াইশত থেকে ৩শ ফুট। বর্তমানে নৌবাহিনীর প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটের ৪ টি ড্রেজার সার্বক্ষণিক খনন কাজে নিয়োজিত রয়েছে। ২০২১-২২ইং অর্থ বছরেও খননের জন্য ৬৫ কোট টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চ্যানেলটি চালু করা হলেও এ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিমুখী ও রাত্রিকালীন নৌযান চলাচলের অনুমতি দিতে পারেনি। এছাড়াও নদীর প্রসস্ততাও বাড়াতে পারেনি।
নদী রক্ষার আন্দোলনের নেতা ও মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ বলেন, চ্যানেলে সার্বক্ষণিক নৌযান চলাচল ও প্রসস্তগা বাড়ানোর দাবী উপেক্ষা করা হচ্ছে। এটির রক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে পতিত জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়া চ্যানেল সংলগ্ন নদী-খাল খনন ও এর দুইপাশের বিলগুলো সম্পুর্ণভাবে উম্মুক্ত রাখতে হবে যাতে পানির প্রবাহ ঠিক রাখা সম্ভব হয়।
এ বিষয়ে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন রক্ষা ও এ এলাকার পরিবেশ ঠিক রাখতে হলে নদীর দখল-দুষণ বন্ধ করতে হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, উন্নয়নের নামে নদী ও চ্যানেলের চরভরাটি জায়গা কাঁটাতার ও সাইনবোর্ড দিয়ে দখল করতে দেখা যাচ্ছে। এতে করে নদী সংকুচিত হচ্ছে। যে কারণে নদীর গতি ব্যাহত হচ্ছে। নদী রক্ষায় নীতিমালা ও মহামান্য হাইকোর্ট এর রায় থাকার পরও মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন হচ্ছে না। এ জন্য বাগেরহাট জেলা কালেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালান করতে পারেন। নদী-খাল ও জলাভূমি রক্ষা করতে না পারলে আমাদের কোন উন্নয়নের সুফল মিলবে না।
বিআইডব্লিউটিএ’র খুলনার নির্বাহী প্রকৌশলী আঃ মতিন বলেন, এই নৌরুটি সচল রাখতে আমরা হিমশিম খাচ্ছি। চ্যানেলের জয়খার ৫ কি.মি. এলাকায় মাটি ফেলার জায়গা নেই। সংরক্ষণ ড্রেজিং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাটি অপসারণেও নানান জটিলতা সৃষ্টি হচ্ছে। ডাম্পিংয়ের বালু অপসারণে
স্থানীয় রাস্তা ব্যবহারের কারণে রাস্তা নষ্ট হওয়ায় সংশ্লিষ্টরা ক্ষতিপূরণ দাবী করেছে। করোনার করণে ডাম্পিং এলাকার বালু অপসারণে কিছুটা ধীরগতি সৃষ্টি হয়েছে। নতুন করে জায়গা পাওয়া গেলে বালু ডাম্পিং করে রাখা সম্ভব হবে বলে জানান তিনি।
এ নৌ চ্যানেলটি সচল রাখতে হলে সংরক্ষণ ড্রেজিং অব্যাহত ও খননকৃত বালু অপসারণ করতেই হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়াও চ্যানেল সংলগ্ন প্রবাহমান নদী ও খালের জোয়ার ভাটা নির্বিঘ্ন রাখতে হবে যাতে করে পানির প্রবাহ ঠিক রাখা সম্ভব হয়। এজন্য খনন এবং নজরদারির পাশাপাশি তীরভূমি ও প্লাবনভূমি উম্মুক্ত করতে হবে বলেও মত ঘাষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দদের।











































