মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে বুধবার ভোর থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশার পাশাপাশি হালকা বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে আগের তুলনায় শীতের প্রকোপও বেড়েছে।
কুয়াশায় সড়ক ও নদী পথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বাতাস ও বৃষ্টিতে ভোগান্তীতে পড়েছে নিতান্তই খেটে খাওয়া মানুষের।
সুন্দরবনের পর্যটনবাহী জালিবোট (নৌযান) মালিক মোঃ শাহালম বলেন, ঘন কুয়াশায় নদীতে বোট চালানো দুর্ঘটনার আংশকা থাকে, তাই আমরা ঘাটে অলস বসে আছি। কুয়াশা কাটলে তারপর নামবো। আর কুয়াশার কারণে যাত্রীবাহী পরিবহণ চলাচল বিঘ্নিত হওয়ায় পর্যটকও নেই।
পৌর শহরের মামার ঘাট শ্রমিক মোঃ লিটন বলেন, ভোর থেকে বৃষ্টি, বাতাস ও কুয়াশায় নদীতে শীত বেড়েছে। এছাড়া কুয়াশায় ট্রলারও কম চলছে, তাই আমাদের কাজও খুবই কম।











































