স্টাফ রিপোর্টার ।।
নগরীর লবনচরা থানাধীন বান্দাবাজার এলাকার বাহাদুর লেনে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত পুলিশ সোর্স শফিকুল হত্যা মামলায় ১৪জন আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে তদন্ত কর্মকর্তা। নগর গোয়েন্দা শাখার এসআই মো. বদরুজ্জামান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেছেন। নিহত শফিকুল ইসলাম ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামের গফুর বিশ্বাসের ছেলে। চার্জশিটভুক্ত আসামীরা হলেন লবনচরা এলাকার হেলাল, দুলাল, রাজু, ফয়সাল, সিনবাদ, বাপ্পী, নাইমুর রহমান আকাশ ও ছোটসহ আরও ছয় সহযোগী। ১৪জন আসামীর মধ্যে দু’জন শিশু রয়েছে। অভিযুক্ত ৫জন পলাতক, বাকীরা কারাগারে রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১২ জানুয়ারি রাত ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ও ৩ সোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লবনচরা থানাধীন বান্দাবাজার এলাকার বাহাদুর লেনে ইয়াবা বিক্রেতাদের কাছে ছদ্মবেশে ক্রয় করতে যান। গোয়েন্দা অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এ সময় গোয়েন্দা শাখার একজন এএসআইসহ আরও দু’জন গুরুতর আহত হয়। পরে গোয়েন্দা পুলিশ আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোর্স শফিকুল ইসলামকে মৃত. ঘোষণা করেন। পরে পুলিশের পক্ষ থেকে লবনচরা থানায় দু’টি মামলা দায়ের করা হয়।











































