স্টাফ রিপোর্টার।।
নগরীর জিন্নাপাড়া দ্বিতীয় গলির এক বাড়িতে গামছা দিয়ে হাত ও চোখ বেঁধে নগদ টাকাসহ ২ লাখ ৭০ হাজার ৪৫৬ টাকার মালামাল ডাকাতি করার মামলার ৬ আসামীর প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদাণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১১জানুয়ারি) খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির হলেন মিজান ভুইয়া, আলী আকবর, তপন ব্যাপারী, সুমন হওলাদার (পলাতক), সোহেল হাওলাদার ও হাসান। এ মামলায় ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. আমিনুর রহমান নথীর বরাত দিয়ে জানান, নগরীর জিন্নাপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা মামলারবাদী খলিলুর রহমান ২০১৭ সালের ৩০ জানয়ারি প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘর থেকে বাহির হন। দরজা ঠেলে দিয়ে আবারও তিনি ঘুমিয়ে পড়েন। ভোর সোয়া ৫টার দিকে একদল মুখোশধারী ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা বাদীকে ঘুম থেকে উঠিয়ে হাতে ও ঘাড়ে রাম দা’র বাট দিয়ে আঘাত করতে থাকে। পরে গামছা দিয়ে হাত ও চোখ বেঁধে ফেলে। একপর্যায়ে পাশের রুম থেকে মাকে তুলে নিয়ে বাদীকে হত্যার হুমকি দেয়। ঘর থেকে সংঘবদ্ধ ডাকাতরা নগদ টাকাসহ ২ লাখ ৭০ হাজার ৪৫৬ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন তিনি লবনচরা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার নং- ১১। একই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন এডভোকেট মো. আহাদুজ্জামান।











































