ঢাকা অফিস।।
দেশে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৩১ জনের ,মৃত্যু হয়েছে আরও তিন জনের। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে।
দেশে এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে।মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৫ জনের।
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত তিনজন পুরুষ। মৃত তিনজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মৃত তিনজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।











































