মাগুরা প্রতিনিধি।।
দেশব্যাপি আলোচিত মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই শিশু সুরাইয়া স্কুলে ভর্তি হয়েছে। গত রোববার সকালে মাগুরা পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে শিশু শ্রেণিতে ভর্তি হয়। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় মা নাজমা বেগমের কোলে চ’ড়ে সুরাইয়া প্রথম স্কুলে যায়। ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার।
সুরাইয়ার মা নাজমা বেগমের অভিযোগ, মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় চিকিৎসারত থাকাকালীন দেশের মন্ত্রী, এমপিসহ বড়-বড় কর্তা ব্যক্তিরা সুরাইয়ার চিকিৎসা, লেখাপড়াসহ সারজীবনের দায়িত্বভার নিতে চেয়েছিলেন। কেউ তাকে ডাক্তার আবার কেউ তাকে ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিলেন। কিন্তু লেখাপড়ার দায়িত্বতো দূরে থাক এখন কেউ তার খোঁজ খবর পর্যন্ত রাখেন না। যে কারণে বাধ্য হয়েই পারিবারিক উদ্যোগে সুরাইয়াকে মাগুরা পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি করা হয়েছে।
সুরাইয়ার মা নাজমা বেগম বলেন, গুলির আঘাতে সুরাইয়ার দুই পায়ের শক্তি হারিয়েছে। ডান চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সুরাইয়া ডান চোখে কিছু দেখতে পায় না। বা চোখের অবস্থাও ভালো না। চিকিৎসক জানিয়েছে, ডান চোখে সে আর দেখতে পাবে না। উন্নত চিকিৎসা না করালে বাম চোখও নষ্ট হয়ে যেতে পারে।
তিনি দুঃখ করে বলেন, সুরাইয়ার সমবয়সীরা বাচ্চারা এখন দৌঁড়ে বেড়ালেও আমার মেয়ে এখন দাঁড়াতেও পারেনা। কেউ দুহাতে ধরে দাঁড় করিয়ে ছেড়ে দিলেই সে পড়ে যায়।
সুরাইয়ার মা জানান,ইতিমধ্যে তার মেয়েরে গলায় একটি টিউমারও ধরা পড়েছে। সুরাইয়ার ডান পাশটিতে জোর কমে যাচ্ছে। ডান হাতে সে কাজ করতে পারেনা। তবে চিকিৎসকেরা বলেছেন, তাকে উন্নত চিকিৎসা দিতে পারলে ভালো হয়ে যাবে।
নাজমা বেগম বলেন, নিয়মিত ঢাকায় নিয়ে সুরাইয়ার উন্নত চিকিৎসা করানোর মতো অর্থনৈতিক ক্ষমতা আমাদের নেই । তারপরও আমরা তাকে স্কুলে ভর্তি করেছি কারণ ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তিনি জানান, সুরাইয়ার বাবা বাচ্চু ভূইয়া একজন চা দোকানি। এখন মেয়েকে কে প্রতিদিন স্কুলে নিয়ে যাবে তা নিয়ে তিনি চিন্তিত।
সুরাইয়ার বাবা বাচ্চু ভুইয়া জানান, মেয়ের জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা তিনি কখনো ভুলতে পারবেন না। ৬ বছর বয়স পূর্ণ হওয়ায় সুরাইয়াকে স্কুলে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, জানিনা মেয়ের লেখাপড়া চালিয়ে নেওয়া সম্ভব হবে কিনা। কারণ সে শরীরিক নানা জটিলতায় আক্রান্ত।
বাচ্চু ভুইয়া জানান, সরকারিভাবে সুরাইয়ার চিকিৎসা করানোর জন্য তিনি নানা ব্যক্তির কাছে ধরনা দিয়েছেন। কিন্তু কেউ তার উন্নত চিকিৎসার দায়িত্ব নেয়নি। অন্য দিকে তিনি ৬ বছরেও এ ঘটনার কোন বিচার পাননি। শুধু আদালতের বারান্দায় ঘুরে ঘুরে দিন কেটেছে। আসামিরা বুক উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। তিনি মামলার দ্রুত বিচার ও সরকারিভাবে সুইরাইয়ার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।
মাগুরা জজ আদালতের পিপি অ্যাড. এস্কেন্দার আজম বাবলু বলেন, দীর্ঘদিন সংশ্লিষ্ট আদালতে বিচারক না থাকায় মামলটির বিচার কাজ বিলম্ববিত হয়েছে। এখন সেই সমস্যার সমাধান হয়েছে। মাতৃগর্ভে গুলিবিদ্ধ মামলাটি বর্তমানে সাক্ষি গ্রহণ পর্যায়ে আছে। সরকার পক্ষ এ মামলা বিচার কাজ সম্পন্ন করার জন্য অত্যন্ত আন্তরিক।
২০১৫ সালের ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরের দোয়ারপাড়া এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ক্ষমতাসীন দল সমর্থিত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে এলোপাথারি গুলিতে নাজমা বেগম ও তার গর্ভে থাকা শিশু সুরাইয়া গুলবিদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সুরাইয়ার এক চাচা মোমিন ভুইয়া । পরে মাগুরা ২৫০ শয্যা হাসপালের সার্জারি চিকিৎসক ডা. সফিউর রহমানের নেতৃত্বে একটি চিকিৎসক টিম জটিল অস্ত্রপাচারের মাধ্যমে সুরাইয়াকে পৃথিবীর আলো দেখান। কিন্তু সুরাইয়ার অবস্থার গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। দেড় মাস ঢাকায় চিকিৎসা শেষে সুরাইয়া নানা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরে।
মোমিন ভুইয়া হত্যা ও গর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার দুই দিন পর ২১ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়। এ মামলার ২ নং আসামি আজিবর শেখ পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।











































