স্টাফ রিপোর্টার ।।
খুলনার তেরখাদা উপজেলার ৩নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম দীন ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আল আমীন। তার বিরুদ্ধে জ্ঞাত-আয়বর্হিভূত প্রায় কোটি টাকার সম্পদের বৈধ কোনো উৎস না পাওয়া এ মামলা করা হয়।
দুদকের সহকারী পরিচালক ও মামলার রেকর্ডধারী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ বলেন, চেয়ারম্যান দীন ইসলামের বিরুদ্ধে অসাধু কার্যকলাপের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। অনুসন্ধান শেষে প্রতিবেদন কমিশনের সিদ্ধান্তের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়। এরপর মামলার অনুমতি মেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউপি চেয়ারম্যান থাকাকালে দীন ইসলাম ২৯টি দলিলমূলে ১৩ দশমিক ৯২১ একর জমি ক্রয় করেন। যার মূল্য ৯১ লাখ ৪ হাজার ২৫০ টাকা। এর কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। তাই জ্ঞাত-আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৪ সালের ২৭(১) ধারায় মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দীন ইসলাম তেরখাদার পিতা-পুত্র পিরু-নাইম হত্যা মামলায় খুলনা কারাগারে রয়েছেন। এলাকায় আধিপত্য থাকায় গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে তিনি জেলে থেকেই পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।











































