সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহে সংরক্ষিত মহিলা সদস্য পদে এবার নির্বাচিত হলেন শম্পা খাতুন পপি নামের তৃতীয় লিঙ্গের আরেক সদস্য। শম্পা শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করেন। ৫ জানুয়ারি এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শম্পা হেলিকপ্টার প্রতিকে ভোট পান ২,১০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবিহা খাতুন পান ৫১৪ ভোট ও লিলি খাতুন ৩২৫ ভোট পান। এ পর্যন্ত ঝিনাইদহ জেলায় মোট ৩ জন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি নির্বাচিত হলেন।
শম্পা ওই ইউনিয়নের ফুলহরি গ্রামে বসবাস করেন। পূর্বে তার বাড়ি ছিল মাগুরা জেলার শালিখা উপজেলার আড়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের শেখ রুহুল হাওলাদারের চতুর্থ সন্তান। তার আরো দুই ভাই ও দুই বোন রয়েছে। সে ২০০৬ সালের দিকে পরিবার ছেড়ে শৈলকুপার ফুলহরি গ্রামে চলে আসেন। সেই সুবাদে সে এখানকার ভোটার। এছাড়া শম্পা ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
বিজয়ের পর শম্পা খাতুন পপি জানান, এ বিজয় আমার না জনগণের। কারন আমার তো একটা ভোট। এখানে আমার পরিবারের কেউ নেই। তারপরও সবাই আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এখন সবাই আমার আপন। আমার দ্বায়িত্ব বেড়ে গেল। আমি এখন বুঝতে পারছি না কিভাবে তাদের ঋণ শোধ করবো। সবাই আমাকে এতো ভালোবাসে ভোটের পর তা বুঝেছি। আমি বাকি জীবন জনগনের সাথে থাকতে চাই। এলাকার উন্নয়নে সবার সহযোগীতা চান শম্পা।
বাদশা নামের এক ভোটার জানান, শম্পা দীর্ঘদিন এখানে থাকার ফলে সবার সাথে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। তাছাড়া শম্পার আচার ব্যবহারে খুব ভালো। যে কারনে তাকে সবাই ভোট দিয়েছে।
ফুলহরি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ খান জানান, সংরক্ষিত ওই মহিলা ওয়ার্ডে শম্পাসহ তিনজন প্রতিদ্বন্দ্বি করেছিলেন। তাদেও মধ্যে শম্পা নির্বাচিত হয়েছেন। এখন সে সাধারন আর দশজনের মতো সমাজ তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা তাদের।
এর আগে ঝিনাইদহের নজরুল ইসলাম ঋতু তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। গেল বছরের ২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ছানাকে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু। ভোটে নজরুল ইসলাম ঋতু ৯৫৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পেয়েছিলেন ৪৫২৯ ভোট। ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাঁদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান।
উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের নির্বাচনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিকের নজরুল ইসলাম ছানাকে পরাজিত করে বাংলাদেশের মধ্যে প্রথম ইউপি চেয়ারম্যান িিনর্বাচিত হয়ে ব্যাপক আলোচনায় আসেন। এরপূর্বে একই জেলার কোটচাঁদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে পিংকি নির্বাচিত হন। একই জেলায় তৃতীয় লিঙ্গের এ পর্যন্ত ৩ প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সারাদেশের মধ্যে ঝিনাইদহ জেলা সকলের কাছে ব্যাপক আলোচিত।
তবে সাধারন ভোটারদের ভাষ্য, এ পর্যন্ত অনেক রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মানুষকে তারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। কিন্ত তৃতীয় লিঙ্গের মানুষগুলো এক সময়ে ছিল অবহেলিত। বর্তমানে মুলধারার জনগোষ্টির মত সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছেন। আর তা ছাড়া তাদের ঘর সংসার ,সন্তান কিছুই নেই। ফলে মানবিক দিক বিবেচনা করে মানুষ তাদেরকে নির্বাচিত করেছেন।











































