Home খেলাধুলা আক্ষেপ নেই হাসান মাহমুদের

আক্ষেপ নেই হাসান মাহমুদের

27

ক্রীড়া প্রতিবেদক।।

বাংলাদেশের সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদ। অথচ দেড় বছর ধরে থমকে আছে তার ক্যারিয়ার। দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়ছেন তিনি। বর্তমানে রিহ্যাব প্রক্রিয়া চলছে হাসানের। আজ রোববার থেকে শুরু করেছেন নেট বোলিং। চলতি মাসেই চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে জাতীয় দলের জার্সি গায়ে তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টিতে অংশ নেওয়া এই পেসারের।

মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাসান বলেন, ‘জানুয়ারিতে ইংল্যান্ড যাব, দেবশিষ স্যার বলছিলেন। ওখানে ডাক্তারের সঙ্গে দেখা করব। মনে হয় স্ক্যান বা কোনো একটা বিষয় আছে।’

২০২০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে নেমে বাজিমাত করেন এই ডানহারি পেসার। ঢাকা প্লাটুনের জার্সিতে নিজের জাত চিনিয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নিলেও গতিময় বোলিংয়ের সঙ্গে নিখুঁত লাইন-লেংথে আলো কাড়েন তিনি। এরপর ডাক পান জাতীয় দলে। অমিত সম্ভাবনা নিয়ে হাজির হলেও চোটের কারণে সুবিধা করতে পারছেন না।

বাংলাদেশের হয়ে টেস্ট ক্যাপ মাথায় না তুললেও বাকি দুই ফরম্যাটে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফর থেকে চোট নিয়ে ফিরে সুযোগ পাননি শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে। এরপর শ্রীলঙ্কা দল বাংলাদেশে এলে সেখানেও ছিলেন না হাসান। খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। যেতে পারেননি জিম্বাবুয়ে সফরেও।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও দর্শক হয়ে ছিলেন ২১ বছর বয়সী এই পেসার। নিউজিল্যান্ড সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ এমনকি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ছিলেন না হাসান মাহমুদ। খেলতে পারেননি ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও।

বর্তমানে ফ্যাসিট জয়েন্ট ইনজুরিতে ভুগছেন এই তরুণ। তার চোট সারাতে সফট টিস্যু ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় এগিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। দীর্ঘদিন খেলতে না পারার জন্য আক্ষেপ করতে নারাজ এই পেসার।

হাসান বলেন, ‘না, আসলে আক্ষেপ করে কোনো লাভ নেই। ইনজুরি যতদিন ছিল ততদিন আমি বাইরে ছিলাম। এখানে আফসোসের কিছু নেই। এটা প্রাকৃতিকভাবে রিকভারি করে আসছে। আমি নিজেও জানি না কীভাবে ইনজুরিটা হয়েছিল। পেইন লোয়ার ব্যাক ম্যাসেলে।’

আসন্ন বিপিএলে খেলা হবে হাসানের। তবে ফিরতে চান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে, এক মাস পর। তিনি বলেন, ‘বিপিএলের চিন্তা অবশ্যই না, আগে ফিট হওয়ার চিন্তা। এখন নরমালি একটা স্টেজ বাই স্টেজ আগাচ্ছি। ডিল থেকে বোলিংয়ে, বোলিং থেকে উইকেটে। ধারাবাহিকভাবে এগোচ্ছি। অবশ্যই প্রিমিয়ার লিগ থেকে টার্গেট থাকবে ফুল এফোর্ট দিয়ে খেলতে। প্রিমিয়ার লিগে মোহামেডানের সঙ্গে কথা হচ্ছে।’

হাসান আরও বলেন, ‘শেষ তিন সপ্তাহ ধরে বোলিং শুরু করেছি।আলহামদুলিল্লাহ এখন ভালো। এখন ৭০-৮০ শতাংশ এগোচ্ছি। এখন হচ্ছে হিপ কন্ডিশনিং, রানিং, রিহ্যাব তো আছেই সঙ্গে, তারপর স্ট্রেইন ট্রেনিং এরপর রিহ্যাবের সঙ্গে যা আছে তাই। আস্তে আস্তে এগোচ্ছি। ​ভারতে টেস্ট খেলে আসার পর আমরা লম্বা সময় শুধু সাদা বলেই খেলেছি, লম্বা সময় পর টেস্ট খেলছি ঘরের মাঠে।’