বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে বাকিতে মাল না দেওয়ায় মল্লিক দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলী মাজার রোডে নিহতের দোকানের মধ্যে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ হুমায়ুন কবীর (২৫) নামে এক যুবককে আটক করেছে। এ সময় হত্যার কাজে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়।
বাকিতে মাল না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, যুবক আটক
নিহত মল্লিক দেলোয়ার হোসেন সদর উপজেলার রণবিজয়পুর এলাকার ঈশান উদ্দিন মল্লিকের ছেলে। তার মাজার মোড়ে ছোট মুদির দোকান রয়েছে।
আটক হুমায়ুন কবীর সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত মহিদের ছেলে। তবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৫
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, খানজাহান আলী মাজার সংলগ্ন রোডে নিজ দোকান ঘরের মধ্যে লোহার রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়। রাতেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মূল হত্যাকারীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।











































