মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, মুক্তিযুদ্ধ চলাকালীন রামপাল-মোংলার মুজিব বাহিনীর প্রধান/কমান্ডার, সাবেক রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাদীর পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। হৃদ রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টায় সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে তাকে দেখার জন্য ছুটে যান রামপাল, মোংলা ও বাগেরহাটের মুক্তিযোদ্ধা, আওয়ামী নেতা-কর্মীসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরাও। সোমবার আসরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বালুর মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বাগেরহাট-০২ আসনের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাঈদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ, যুব যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। পরে উপজেলা সদরের নিজ বাড়ীতেই তাকে দাফন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা জলিলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবাের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-০৩ আসনের এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলহাজ্ব বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-০১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-০২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-০৪ আসনের এমপি এ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু। এছাড়াও শোক জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।











































