চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গায় দেবরের কিল-ঘুসিতে শাহারন নেছা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহারন নেছা জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের শাহাপাড়ার ভ্যানচালক মোশারফ হোসেনের স্ত্রী। রাতেই মরদেহটি পরিবারের সদস্যরা গোপনে বাড়িতে নিয়ে যান।
হত্যার অভিযোগ উঠলে শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় আটক করা হয় অভিযুক্ত দেবর শাহের আলীকে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে দুই ভাই মোশারফ হোসেন ও শাহের আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে মোশারফ হোসেনের স্ত্রী শাহারন নেছা ও তার দেবর শাহের আলীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় শাহের আলী উত্তেজিত হয়ে তার ভাবিকে কিল-ঘুসি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেন।
এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহারন নেছা। রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহারন নেছার মৃত্যু হয়। মরদেহটি রাতেই বাড়িতে নিয়ে পরিবারের সদস্যরা দাফনের চেষ্টা করেন। শনিবার সকালে বিষয়টি জানতে পেরে জীবননগর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় শাহাপুর পুলিশ ক্যাম্পের এসআই জমির হোসেন বলেন, দুই ভাইয়ের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই কারণে শুক্রবার দেবর শাহের আলী মারধর করেন ভাবিকে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য শনিবার সকালে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত দেবর শাহের আলীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।











































