Home আঞ্চলিক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

7

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ।।

ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে আরিফা খাতুন সোমা (২৪) নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আরিফা খাতুনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  নিহত আরিফা খাতুন সোমা জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের নুর ইসলামের মেয়ে।

শনিবার বিকাল ৩টায় ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় গ্রামবাসী বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অচিরেই গৃহবধূ আরিফা খাতুন সোমা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও তার স্বামী ফরিদুল ইসলাম যেন বিদেশে পালাতে না পারে সেই দাবি জানান।

জানা গেছে, প্রায় ১৪ বছর আগে ফয়লা গ্রামের নুর ইসলামের মেয়ে আরিফা খাতুন সোমার সঙ্গে বিয়ে হয় ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের আখিদুল মণ্ডলের ছেলে ফরিদুল ইসলামের সাথে। তাদের ঘরে চাঁদ আলী নামে ৫ বছরের একটি সন্তান রয়েছে।

স্বামী ফরিদুল দুবাই প্রবাসী। গত ২ মাস আগে সে দেশে ফেরে। এরপরই স্ত্রী সোমার ওপর নির্যাতন চালানো শুরু করে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে তাকে শারীরিক নির্যাতন করে। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ফরিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

নিহত আরিফা খাতুন সোমার বাবা নুর ইসলাম জানান, প্রায়ই তার মেয়েকে শারীরিক নির্যাতন করা হতো। বৃহস্পতিবার রাতে তাকে প্রচণ্ড মারধর করা হয়। মৃত্যুর পর তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। মেয়ের শরীরে আঘাতের চিহ্নও দেখা গেছে। তিনি মেয়েকে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

ঝিনাইদহের নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোল্লা তৌহিদুল ইসলাম জানান, গৃহবধূ সোমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কীভাবে মৃত্যু হয়েছে সেটি জানা যাবে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ সোমার পরিবার লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে গিয়ে সোমার স্বামী ফরিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের পাওয়া যায়নি।