খুলনাঞ্চল রিপোর্ট।।
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক ও পদত্যাগী পৌর মেয়র জি কে গউছসহ ৬৫ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত ১৫শ’ থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এস আই নাজমুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে নিরপরাধ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করবেনা পুলিশ। যারা পুলিশের উপর হামলা করেছে ও নির্দেশ দিয়েছে তাদেরকেই গ্রেপ্তার করা হবে।
অন্যদিকে, সংঘর্ষের ঘটনায় সিলেট বিভাগের সকল উপজেলায় শুক্রবার এবং সকল জেলায় আগামী শনিবার প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে গউছ জানান, সমাবেশের জন্য আমরা পৌরসভার মাঠ বরাদ্দ চেয়েছিলাম, দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা দলীয় কার্যালয়ের সামনে সভা করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে সভায় আসছিল। কিন্তু আওয়ামী পুলিশলীগ জেলা আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আমাদের নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে।
উল্ল্যেখ্য, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যলয়ের সামনে সব প্রস্তুতি নেওয়া হয়। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার শিপা এমপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল। দুপুরে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে এসে সভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে বেলা ২টার কিছু পূর্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে রওয়া হয়। এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাঁধে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে থানা মোড়, পৌরসভা সড়কসহ বিভিন্ন সড়কে।











































