খুলনাঞ্চল ডেস্ক।।
ফের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েল ও হিটিং অয়েলের দাম কমেছে। এর মধ্যে অপরিশোধিত তেলের দাম কমেছে ২ শতাংশের ওপরে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে আড়াই শতাংশের ওপরে। হিটিং অয়েলের দাম কমেছে প্রায় দেড় শতাংশ। বিশ্ববাজারে তেলের এই দাম কমার আগে এক সপ্তাহে দামে বড় উত্থান হয়। গত সপ্তাহের আগের সপ্তাহে অপরিশোধিত তেলের দাম বাড়ে প্রায় ৯ শতাংশ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ে প্রায় ৮ শতাংশ। হিটিং অয়েলের প্রায় সাড়ে ৭ শতাংশ দাম বাড়ে। অবশ্য তার আগে টানা ছয় সপ্তাহ দরপতনের মধ্যে থাকে জ্বালানি তেল। ছয় সপ্তাহের পতনের আগে বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান হয়। এতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ দামে উঠে আসে তেল।
বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার পরিপ্রেক্ষিতে গত ৩ নভেম্বর দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় সরকার। ওই দিন রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রেক্ষিতে গাড়ির ভাড়াও বাড়ানো হয়েছে। দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের এই দাম বাড়ার সমালোচনা করা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে। সেই সঙ্গে গাড়ি ভাড়া বাড়ানোরও সমালোচনা হচ্ছে। অবশ্য বাংলাদেশে দাম বাড়ার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমার প্রবণতা দেখা দেয় এবং টানা ছয় সপ্তাহ পতনের মধ্যে থাকে। এতে ৮৪ ডলার থেকে কমে অপরিশোধিত তেলের ব্যারেল ৬৬ ডলারে নেমে আসে। তবে এরপরও দেশের বাজারে তেলের দাম কমানো হয়নি।










































