Home জাতীয় কোথাও ঠাঁই মেলেনি, ছদ্মবেশে দেশে ফিরলেন মুরাদ

কোথাও ঠাঁই মেলেনি, ছদ্মবেশে দেশে ফিরলেন মুরাদ

19

নাটকীয়তায় বিমানবন্দর থেকে চম্পট #মামলার পর মামলা


ঢাকা অফিস।।


দিনভর অপেক্ষমাণ শত শত কৌতূহলী দর্শক ও গণমাধ্যম কর্মীর নজর ফাঁকি দিয়ে বিশেষ কৌশলে বিমানবন্দর ত্যাগ করেছেন কানাডা থেকে ডিপোর্ট হওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তাকে চেনার কোন উপায় ছিল না। পরণে জিন্সের নীলরঙা প্যান্ট। মুখমন্ডল ঘেরা ঢাউস আকারের শীতের জ্যাকেট, যাতে লাগানো বিশেষ হুড। মুখে কালো মাস্ক আর চোখে বেশ বড় আকারের চশমা। এমন কেতাদুরস্তকে কেই-ই বা বলবে, তিনিই মুরাদ হাসান। তার এ ছদ্মাবরণ যে বেশ কাজে লেগেছে তাতে কোন সন্দেহ নেই। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি চম্পট দেন বিমানবন্দর থেকে। ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য হয়েও তিনি ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সরাসরি ইমিগ্রেশন থেকে সাধারণ যাত্রীর স্েঙ্গ মিলেমিশে বের হয়ে আসেন। তারপর বিকল্প পথে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হয়ে সোজা উঠে বসেন নিজের গাড়িতে। এভাবে তিনি কানাডা থেকে ঢাকায় আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাসায় ফিরে যান। রবিবার সন্ধ্যায় ঘটে যায় এমন নাটকীয়তা। জানা যায়, দুবাই বিমানবন্দর থেকে রবিবার সকাল ১০টা ৪৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল ৪টা ৫৪ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। সারাবিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ‘ফ্লাইটস্টারস’-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাই বিমানবন্দর থেকে রবিবার সকাল ১০টা ৪৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সবার আগে তিনিই ফ্লাইট থেকে বেরিয়ে দ্রুত হেঁটে চলে আসেন ইমিগ্রেশনে। এখানেই শুভাকাক্সক্ষীদের পরামর্শে চুপিসারে মাথা নিচু করে বসে থাকেন্ একটি সোফায়। দূর থেকে যারা চেনার তারা ঠিকই চিনেছে। এসময় একজন যাত্রী তাকে মুরাদ সন্দেহে ছবি তুলতে গেলে তিনি মাথা নিচু করে হাঁটুতে মুখ লুকান। একজন ইমিগ্রেশন পুলিশ কর্তা তাকে স্যার ডেকে কারোর সঙ্গে কথা না বলার পরামর্শ দিতে দেখা যায়। জানা গেছে, প্রথমে মুরাদ হাসানকে বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসে নেয়া হয়। সেখানে তার ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ করা হয়। এরপরই গ্রীন চ্যানেল দিয়ে বেরিয়ে লাগেজ হাতে সরাসরি নিচ তলা দিয়ে দ্িক্ষণের একটি সরু চ্যানেল দিয়ে ঢুকে যান অভ্যন্তরীণ টার্মিনালে। ওখান থেকে বের হয়ে বাইরে অপেক্ষমাণ নিজের গাড়ি হোন্ডা সিআরভিতে ওঠে দক্ষিণে থার্ড টার্মিনালের দিকে চম্পট। এভাবেই বিশেষ ছদ্মবেশে তিনি দেশে ফিরে ঘরের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। উল্লেখ্য, এর আগে শুক্রবার কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান দুবাইয়ে ফিরে আসেন এবং আমিরাতে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু দুবাইয়ের ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন তিনি। প্রশ্ন উঠেছে, একজন সংসদ সদস্য হয়েও কেন তিনি কানাডায় ঢুকতে পারেননি। এ বিষয়ে জানা যায়-মূলত করোনার ডবল ডোজ টিকার সনদ না থাকায় ডাঃ মুরাদ হাসান কানাডা ঢুকতে পারেননি। তবে রবিবার বিমানবন্দরেই গণমাধ্যমকর্মীদের ছিল ভ্যাকসিন সার্টিফিকেট ও কোভিড প্রোটোকল না মেনে তিনি কিভাবে ঢাকা বিমানবন্দর থেকে কানাডায় গেলেন। এমন বিব্রতকর প্রশ্নের মুখে পড়েন বিমান প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি। জবাবে তিনি বলেন, বিমানবন্দর দিয়ে যে যাত্রীই বাইরের দেশে যান, সেসব বহির্গমন যাত্রীদের স্বাস্থ্য সনদ চেক করা, ভ্যাকসিনেশন সার্টিফিকেট চেক করার দায়িত্ব সিভিল এভিয়েশনের। বিমানবন্দর কর্তৃপক্ষের নয়। আমরা ইমিগ্রেশন করি, যাত্রীদের সেবা দিই। ইমিগ্রেশন শাখা ইমিগ্রেশন করবে, স্বাস্থ্যের কাজ স্বাস্থ্য করবে। মুরাদ সংক্রান্ত তথ্য জানতে হলে আপনাদের যথাযথ কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তারা ভাল উত্তর দিতে পারবেন। এদিকে কৌতূহলী মানুষের প্রশ্ন- বিমানব্ন্দর থেকে পালিয়ে গিয়ে তিনি কি বাসায় ফিরবেন? মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ডাঃ মুরাদ হাসান সপরিবারে থাকতেন রাজধানীর ধানমন্ডির ১৫ নম্বর সড়কের এক বাসায়। ভবনের চার তলায় তার বাসা, দোতলায় অফিস। তার বাড়িটি এখন নীরব। নেতাকর্মীরা ভিড় করছেন না। তার বাসা ধানমন্ডির ১৫ নম্বর (সাবেক ২৮ নম্বর) সড়কের ৩০/এ ভবনে। এক হাজার ৮০০ বর্গফুটের বাসা ডাঃ মুরাদের। মুরাদ দেশ ছেড়ে উড়াল দেয়ার পর নেতাকর্মীদের যাতায়াত বন্ধ রয়েছে। মুরাদ তার ব্যবহৃত গাড়িটি ভবনের গ্যারেজে রেখেছেন। তার পরিবারের সদস্যরা বাসায় রয়েছেন বলে জানা গেছে। রাতে ওই বাসায় উঠেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
অশালীন বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ হারানোর পর গত বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৮৫৮৫-এ তিনি প্রথমে দুবাই যান- এরপর সেখান থেকে আরেকটি ফ্লাইটে কানাডার উদ্দেশে যাত্রা করেন। তবে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয় কানাডীয় কর্তৃপক্ষ। উত্তর আমেরিকার নতুন দেশ নামের একটি বাংলা সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মুরাদকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি। অভিবাসী বাংলাদেশীদের আপত্তির মুখেই কানাডার সরকার এমন সিদ্ধান্ত নেয়। করোনাভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণেই মুরাদকে কানাডার ইমিগ্রেশন ফিরিয়ে দেয়। মুরাদ হাসান এরপর মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। তবে শনিবার ভিসা না থাকায় দুবাইয়ে ইমিগ্রেশনও আটকে দেয় সাবেক এই প্রতিমন্ত্রীকে। দুবাইয়ে ব্যর্থ হওয়ার পর শুরুতে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে ঢাকা ফেরার প্রস্ততি নেন মুরাদ হাসান। এর টিকেটও তিনি কেনেন। ওই ফ্লাইটে এলে রবিবার সকাল ৮টা ২০ মিনিটে তার ঢাকা পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইট পরিবর্তন করে ইকে ৫৮৬ ফ্লাইটে ঢাকায় আসার সিদ্ধান্ত নেন মুরাদ। উল্লেখ্য, ফেসবুক লাইভ টকশোতে নারী বিদ্বেষী বক্তব্য প্রদান এবং চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় ধর্ষণের হুমকি প্রদানের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৭ ডিসেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ডাঃ মুরাদ হাসান। এরপর গত বৃহস্পতিবার দেশ ছেড়ে কানাডার উদ্দেশে চলে যান তিনি। দুবাই হয়ে কানাডার টরন্টো বিমানবন্দরে পৌঁছালেও সে দেশের কর্তৃপক্ষ তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয়। বাধ্য হয়ে মুরাদ হাসান দুবাই ফিরে আসেন। দুবাই বিমানবন্দরে বসে আরব আমিরাতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরতে বাধ্য হন।
ডিজিটাল নিরাপত্তা আইনে মুরাদের বিরুদ্ধে মামলা।।
সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মামলা হয়েছে। লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলায় রবিবার সাইবার ট্রাইব্যুনালে এসব মামলা হয়। এর মধ্যে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় আজ সোমবার, খুলনার মামলায় মঙ্গলবার শুনানির সময় দেয়া হয়েছে। রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়। একই আবেদনে আসামি হিসেবে ডাঃ মুরাদ হাসানের পাশাপাশি মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের নামও রয়েছে। লন্ডনপ্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করায় এ মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। মামলার বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা ও আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন, ডাঃ মুরাদ হাসান ও মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ব্যারিস্টার জাইমা রহমান এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও মানহানিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ ধারার অপরাধ করেছেন। সেজন্য মামলার আবেদন করা হয়েছে। মামলার বিষয়ে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা ফেসবুক লাইভে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং যেকোন নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেছেন। ডাঃ মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন বিএনপিপন্থী এক আইনজীবী। খালেদা জিয়ার পরিবার ও তারেক রহমানের কন্যা জাইমাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে আদালতে এই মামলার আবেদন করেন আইনজীবী বদরুল আনোয়ার। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়ার আইনজীবী একেএম সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বাদী বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এবং বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানসহ ২ জনের বিরুদ্ধে রবিবার খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। মামলার অপর আসামি হলেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ। ট্রাইব্যুনালে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা বাদী হয়ে এ আবেদন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন বক্তব্য প্রদানে সংক্ষুব্ধ হয়ে বাদী আবেদন করেছেন বলে উল্লেখ করেছেন। সুত্র-জনকন্ঠ