স্টাফ রিপোর্টার।।
বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার দুই কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ মামলায় খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন প্রকাশ। বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বিবরণ অনুযায়ী জানান, ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত করোনা পরীক্ষার ইউজার ফি বাবদ চার কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা আদায় হয়। কিন্তু সরকারি কোষাগারে জমা হয় এক কোটি ৬৬ লাখ ৯৬ হাজার টাকা। ল্যাব টেকনোলজিস্ট ও ল্যাব ইনচার্জ প্রকাশ কুমার দাস বাকি দুই কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকা জমা দেননি। তিনি ওই টাকা কেন সরকারি কোষাগারে জমা দেননি তার জবাব দেওয়ার জন্য ২০ সেপ্টেম্বর কৈফিয়ত তলব করা হয়। কিন্তু গত ২৩ সেপ্টেম্বর দুপুরের পর থেকে প্রকাশ আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি হাইকোর্টের জামিন নিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার চেষ্টা করেন।
তিনি আরও জানান, দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে টেকনোলজিস্ট প্রকাশের বিরুদ্ধে মামলা করেন (মামলা নম্বর ১০/২১)। এই মামলায় হাইকোর্ট থেকে তিনি ১৫ দিনের জামিন নিয়ে খুলনায় আসেন। জামিন শেষে আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠান।










































