Home খেলাধুলা মিরপুরে বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে খেললো বৃষ্টি

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে খেললো বৃষ্টি

10

স্পোর্টস ডেস্ক।।

মিরপুরে আকাশে মেঘের চাদর আর থেমে থেমে বৃষ্টির কান্নায় এরকম নাস্তানাবুদ ঢাকা টেস্ট। দ্বিতীয় দিনে মাঠে গড়িয়ে মাত্র ৩৮ বল। এরই মধ্যে কয়েকবার গ্রাউন্ড টু প্যাভিলিয়ন এসেছেন-গেছেন মুমিনুল-বাবররা। অবশেষে নাছোড়বান্দা বৃষ্টির কাছে নত স্বীকার করে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ করা হয়।

এদিন অবশ্য খুব বেশি সমর্থক খেলা দেখত আসেননি। যারা এসেছিলেন তারাও মন খারাপ করে ধরেছেন বাড়ির পথ। মাঝে বিনোদন যেটুকু মিললো সেটিও সাকিব আল হাসানের কল্যাণে। ম্যাচ স্থগিতাদেশ ঘোষণার আগ মুহূর্তে বৃষ্টির মধ্যে মাঠে নেমে পিচ কাভারের ওপর ‘ডাইভ’ দিয়ে যেন ছোটবেলায় ফিরে যেতে চাইলেন এই অলরাউন্ডার।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত আছে আজও।

সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সময় থাকলেও কয়েক দফার বৃষ্টিতে শেষ পর্যন্ত বল মাঠে গড়ায় ১২.৫০টায়। খেলা শুরু হওয়ার আধাঘণ্টা পর আবার শুরু হয়েছে বৃষ্টি। পিচ ঢাকা পড়ে কাভারের নিচে।

দুই উইকেট হারিয়ে ১৬১ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্কোরবোর্ডে তোলে আরো ২৭ রান। এদিন অবশ্য কোন উইকেট হারায়নি তারা। বর্তমানে সফরকারী সংগ্রাম দুই উইকেটে ১৮৮ রান। অধিনায়ক বাবর আজম ৭১ আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।

আগামীকাল (সোমবার) ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।