খুলনাঞ্চল রিপোর্ট।।
চট্টগ্রাম নগরের খুলশী থানার জাকির হোসেন রোডে রেলক্রসিংয়ে বাস-ট্রেন-অটোরিকশা সংঘর্ষে পুলিশসহ তিনজন নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। তবে রেলক্রসিংয়ের যে গেটম্যানের দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে, তাকেই বাদ দেওয়া হয়েছে মামলা থেকে।
শনিবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় একমাত্র অজ্ঞাতনামা বাসচালককে আসামি করা হয়। অবশ্য পুলিশ বলছে, তদন্তে অভিযোগ পাওয়া গেলে গেটম্যানকেও আসামি করা হতে পারে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) সকালে নাজিরহাট থেকে একটি ডেমু ট্রেন নগরের বটতলী রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন জাকির হোসেন রোডের ক্রসিং পার হচ্ছিল তখন সেখানে ছিল না কোনো গেটম্যান। আগে থেকে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মো. মনিরুল ইসলাম হাত দিয়ে দুপাশের গাড়ি আটকে রাখেন। ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় জিইসি মোড় থেকে আসা একটি বেপরোয়া বাস হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পুকে ধাক্কা দেয়। এতে করে গাড়ি দুটি রেললাইনের ওপর চলে যায় এবং ট্রেনের ধাক্কায় গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও বলছে তাই।
ওই ফুটেছে দেখা গেছে, আগে থেকে দাঁড়ানো ছিল দুটি অটোরিকশা ও দুটি টেম্পু। রেলক্রসিংয়ের বিপরীত পাশে থাকলেও আগের পাশে কোনো ব্যারিকেড ছিল না। ট্রেন যখন ক্রসিং অতিক্রম করছিল তখন হঠাৎ একটি বেপরোয়া বাস দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও একটি টেম্পুকে ধাক্কা দেয়।
এ ঘটনায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মনিরসহ মোট তিনজন নিহত হন। রেললাইনের পাশের দুর্ঘটনা হওয়ায় আইনানুযায়ী মামলাটি দায়ের হয় চট্টগ্রাম রেলওয়ে থানায়। দুর্ঘটনার সময় গেটম্যান আলমগীরের অনুপস্থিতির বিষয়টি প্রত্যক্ষদর্শীরা জানালেও অজানা কারণে মামলা থেকে বাদ যায় তার নাম। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে বাসচালকের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করা হয়েছে। তদন্তে যার নাম আসবে তাকেও আসামি করা হবে।
গেটম্যানকে আসামি না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে তিনি জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে যদি তার নাম আসে, তাকেও আসামি করা হবে।











































