খুলনাঞ্চল রিপোর্ট।।
কুয়াকাটা সৈকত লাগোয়া বারবিকিউ মার্কেটের একটি দোকানে দেখা মিলছে বড় আকারের নীল রঙের একটি কাঁকড়ার। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরা এই নীল রঙের কাঁকড়াটির ওজন প্রায় এক কেজি। মঙ্গলবার বিকেলে সামুদ্রিক নীল কাঁকড়াটি মো. বেল্লাল হোসেন নামের মার্কেটের এক দোকানি জেলেদের কাছ থেকে কিনে তার দোকানে সাজিয়ে রেখেছেন।
কুয়াকাটায় এই প্রথম নতুন প্রজাতির নীল রঙের কাঁকড়ার দেখা মিলল। কাঁকড়াটি দেখতে পর্যটকদের ভিড় দেখা গেছে। অনেকে এর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
বেল্লাল হোসেন বলেন, কাঁকড়াটি দেখতে সুন্দর। প্রজাতিটিও নতুন। এর ওজনও প্রায় এক কেজি। এক জেলের কাছ থেকে তিনি ৮০০ টাকায় কাঁকড়াটি কিনেছেন। পরে বিক্রির জন্য দোকানে সাজিয়ে রেখেছেন। অনেক পর্যটক এসে কাঁকড়াটি কেনার আগ্রহ প্রকাশ করেন। অবশেষে বুধবার রাতে এক পর্যটক ৯০০ টাকা দিয়ে কাঁকড়াটি কিনে নেন।
বরিশালের মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম বলেন, এটি একটি ব্ল্যাক মাড কাঁকড়া। এটি কাঁকড়ার একটি প্রজাতি, যা এশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মোহনা ও ম্যানগ্রোভ অঞ্চলগুলোতে পাওয়া যায়। এটি সিলা সেরাটা, ম্যানগ্রোভ ক্রাব, ব্ল্যাক ক্রাব, সিরাটেড সুইমিং ক্রাব, জায়ান্ট মাড ক্রাব, ইন্দোপ্যাসিফিক সোয়াম্প ক্রাব, এডিবেল মাড ক্রাব ইত্যাদি নামেও পরিচিত।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ওই কাঁকড়াটি নীল কাঁকড়া ছাড়াও পোর্টুনাস পেলাজিকাস ফুল কাঁকড়া, নীল কাঁকড়া, নীল সাঁতারু কাঁকড়া ও বালি কাঁকড়া নামেও পরিচিত। তবে এক এক এলাকার মানুষ এক একনামে চেনে। এটি কক্সবাজারসহ আশপাশের অঞ্চলে দেখা মিললেও এদিকে তেমন দেখা মিলে না। তবে বর্তমানে শীত মৌসুম হওয়ায় দু-একটা আসার সম্ভাবনা রয়েছে। এগুলোর ওজন দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে।











































