Home আঞ্চলিক কুয়েট শিক্ষকের মৃত্যু: জরুরি সিন্ডিকেট সভায় আসেনি কোনো সিদ্ধান্ত

কুয়েট শিক্ষকের মৃত্যু: জরুরি সিন্ডিকেট সভায় আসেনি কোনো সিদ্ধান্ত

12

স্টাফ রিপোর্টার ।।

ছাত্রলীগ নেতাকর্মীদের লাঞ্ছনা ও অপদস্থের শিকার হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় জরুরি সিন্ডিকেট সভায় কোনো সিদ্ধান্ত আসেনি।

কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঁইয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন,‘অধ্যাপক সেলিমের মৃত্যুর ঘটনায় জরুরিভাবে আহ্বান করা কুয়েট সিন্ডিকেটের সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই মুলতবি করা হয়েছে। বিকাল চারটা থেকে শুরু হওয়া এই সভা চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। শুক্রবার সকাল ১০টায় সিন্ডিকেটের সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত মঙ্গলবার দুপুর আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের ভেতরে শিক্ষকের গতিরোধ করেন ছাত্রলীগ নেতারা। তারা শিক্ষককের সঙ্গে বিতর্ক করতে থাকেন এবং তড়িৎ প্রকৌশল ভবনে শিক্ষকের ব্যক্তিগত কক্ষে নিয়ে যান। সেখানে প্রায় আধা ঘণ্টা ড. সেলিম হোসেনের সঙ্গে অবস্থান করেন ছাত্রলীগ নেতারা। এরপর বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন ড. সেলিম হোসেন।

অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করেছেন শিক্ষকরা। শিক্ষক সমিতির উদ্যোগে অবস্থান কর্মসূচি, কালোব্যাজ ধারণ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। পাল্টা অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকালে সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার সরেজমিন কুয়েটে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি কম। শিক্ষার্থীদের কোনো কর্মসূচি এদিন ছিল না। কিন্তু শিক্ষক এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করা হয়। এ সময় শিক্ষকরা কালোব্যাজ ধারণ করেন। তারা সেখানে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখেন।

শিক্ষকদের এই কর্মসূচি চলাকালে সকাল সোয়া দশটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সামনে দিয়ে প্রশাসনিক ভবনের ভেতরের ফাঁকা অংশে গিয়ে অবস্থান শুরু করেন। দুপুর দুইটা পর্যন্ত তারা সেখানে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচি শেষে বেলা সাড়ে ১১টায় শিক্ষক সমিতির উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য দুর্বার বাংলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শিক্ষকরা বলেন, ড. সেলিম হোসেনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তাকে মানসিকভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। সমাবেশে সহকারী অধ্যাপক আলমগীর হোসেন মঙ্গলবারের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিবরণ দেন।

সমাবেশে অধ্যাপক ড. সাইফুর রহমান ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানান।

শিক্ষক সমিতির সভাপতি ড. প্রতীক চন্দ্র বিশ্বাস বলেন, ড. সেলিমের মৃত্যুর ঘটনার জন্য দায়ী ছাত্রদের স্থায়ীভাবে ক্যাম্পাস থেকে বহিষ্কার ও শাস্তি না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া আগামী রোববার বিকালে শোক সভা করা হবে।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামান্না কামাল এক প্রশ্নের জবাবে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করবেন কি না সে বিষয়ে তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। এছাড়া তারা নিজেরাও আইনগত প্রক্রিয়া নিয়ে চিন্তাভাবনা করছেন।