খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরী এলাকায় সবুজ বেষ্টনী তৈরীর লক্ষ্যে জার্মান সরকারের অর্থায়নে ‘‘লাইভএবল ইনক্লুসিভ সিটিস ফর অল (এলআইসিএ)’’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। জার্মান ভিত্তিক সংস্থা জিআইজেড-এর কারিগরি সহায়তায় খুলনা সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে আজ বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জিআইজেড-এর টীম লিডার কার্সটেন জিনার, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. ডানা ডি-লা ফনটেন, এ্যাডভাইজার ইসাবেলি কুয়েজ উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় মহানগরী এলাকায় সবুজ বেষ্টনী তৈরীর লক্ষ্যে পার্ক ও উন্মুক্ত স্থানসমূহ জনবান্ধব সবুজয়ান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় উন্মুক্ত পানি সরবরাহের স্থানসমূহ এবং ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন ও জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব জীবনমানের উন্নয়ন, জনবহুল এরিয়ায় অর্গানিক উপায়ে বর্জ্য কম্পোস্ট/ব্যবস্থাপনা করাই প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া শহরের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রকল্প গ্রহণেরও সুযোগ রয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় সিটি মেয়র বলেন, নগরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি করাই আমাদের মুল লক্ষ্য। পাশাপাশি খুলনাকে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতেও কেসিসি কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে কাজ করছে। এ লক্ষ্যে কেসিসি কর্তৃক বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। গণমুখি এ সকল প্রকল্পে দাতা সংস্থা এগিয়ে আসলে আমাদের আরো ত্বরান্বিত হবে। সিটি মেয়র আগত প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং খুলনার সামগ্রিক উন্নয়নে এগিয়ে আসার জন্য জার্মান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জমান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, জিআইজেড-এর সিনিয়র এডভাইজার (ক্লাইমেট পলিসি) মোঃ ইসতিয়াক হোসেন, এডভাইজার (মনিটরিং এন্ড টেকনিক্যাল কোঅর্ডিনেশন) মোঃ আতিয়ার রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।











































