Home জাতীয় যে অভিযোগে বরখাস্ত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

যে অভিযোগে বরখাস্ত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

11

খুলনাঞ্চল রিপোর্ট।।

ঢাকা: ভুয়া টেন্ডার, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, জমি দখল, হাট-বাজার ইজারা ও বিভিন্ন প্রকল্পের নামে সরকারের অর্থ আত্মসাৎসহ জনগণের স্বার্থ পরিপন্থি কাজ করার অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, বিকেলেই সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে টেন্ডারবাজি, অযৌক্তিক লোকবল নিয়োগ করার পাশাপাশি বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে এবং একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

হাট-বাজার ইজারার অর্থ নির্ধারিত খাতে জমা না দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভূমি দখল ও ক্ষতিপূরণ ছাড়াই রাস্তা প্রশস্ত করার অভিযোগের বিষয়ে সিটি করপোরেশনের মতামত জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তিনি জবাব দেননি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যক্রম, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের সামিল। এসব অভিযোগ সিটি করপোরেশন আইন ২০০৯-এর ধারা ১(১) ঘ অনুযায়ী অপসারণযোগ্য অপরাধ।

স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, এসব অভিযোগের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ফলে তার অপসারণের কার্যক্রমও শুরু হয়েছে। তাই সিটি করপোরেশন আইন, ২০০৯-এর ১২(১) ধারা অনুযায়ী সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।