মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া এম,ভি ফারদিন-১ বাল্কহেডের কয়লা অপসারণ কাজ ৯ দিন পর শুরু হয়েছে। বুধবার দুপুর এ কাজ শুরু করেছেন কয়লা আমদানীকারক প্রতিষ্ঠান ও বাল্কহেড মালিক পক্ষ। ঢাকার নারায়ণগঞ্জের ভাই ভাই স্যালভেস প্রতিষ্ঠানের ১৫ সদস্যের একটি দল বুধবার হাড়বাড়িয়া এলাকায় ভাটার সময়ে ডুবন্ত নৌযান থেকে কয়লা অপসারণের কাজ শুরু করেন। সমুদয় কয়লা অপসারণের পর ডুবন্ত নৌযানটি তোলা হবে বলে জানিয়েছেন নৌযান মালিক মোঃ ফজলুল হক খোকন। তিনি আরো বলেন, টানা ৯ দিন ধরে ডুবে থাকার কারণে পলি পড়ে বাল্কহেডটির হ্যাচ ভরে যাওয়ার পাশাপাশি কয়লাও ঢেকে গেছে। ফলে কয়লা অপসারণ ও বাল্কহেডটি উত্তোলণে সময় লাগবে বলে জানিয়েছেন স্যালভেজ প্রতিষ্ঠানের ডুবরি দলের প্রধান মোঃ সাত্তার হাওলাদার।
এদিকে কয়লা বোঝাই ডুবে যাওয়া নৌযানটিতে ৭ জন ষ্টাফের মধ্যে দুর্ঘটনার রাতে দুইজনকে জীবিত, পরদিন দুইজনকে মৃতকে এবং তৃতীয় দিনে মৃত আরো একজনের লাশ উদ্ধার হয়। তবে এখনও নিঁখোজ রয়েছেন আরো দুই ষ্টাফ। সংশ্লিষ্টরা ওই দুইজনের উদ্ধার অভিযান বন্ধ করে দিলেও নিখোঁজদের পরিবার তাদের সন্ধানে নদীতে ট্রলার নিয়ে ঘুরে ফিরছেন।
গত ১৫ নভেম্বর মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৯ নম্বর এ্যাঙ্কারে থাকা বিদেশী জাহাজ এম,ভি এলিনা-বি থেকে কয়লা বোঝাই করে ছেড়ে যাওয়ার সময় অপর একটি বিদেশী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেড ফারদিন-০১।









































