খবর বিজ্ঞপ্তি।।
বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাম্ভিকতা ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। গণবিচ্ছিন্ন সরকারের হটকারী সিদ্ধান্ত ডিজেল, পেট্রোল, গ্যাস ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় খালিশপুর থানা বিএনপির কার্যালয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। তাঁর সুচিকিৎসার জন্য ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন দেশের বাহিরে নেয়ার জন্য। কিন্তু সরকার প্রধানসহ কেউই তাতে গুরুত্ব দিচ্ছেন না। সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে। কারাগারে সঠিক চিকিৎসা না হওয়ায় বর্তমানে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। এমন পরিস্থিতিতে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়া চরম নিষ্ঠুরতা। মঞ্জু আরো বলেন, করোনাকালে সরকারের ব্যর্থতা ও ভুল নীতিতে মানুষের আয় ইনকাম ও ক্রয় ক্ষমতা কমে গেছে। বেকারত্ব বেড়েছে। তার ওপর বাজারে অগ্নিমূল্যে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতিকেই অবলম্বন করেছে। গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরো ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে। দেশনেত্রীর খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ২০ নভেম্বর এর গণঅনশন কর্মসূচি পালনে বাধা না দেয়ার আহবান জানান। দেশের শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে সরকারকে রাজনীতি ও প্রতিবন্ধকতা সৃষ্টি না করে অবিলম্বে বিদেশে সুচিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানান। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। লিফলেট বিতরণ উদ্বোধন শেষে বিআইডিসি রোড, হাউজিং বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নিজাম উর রহমান লালু, কাজী শফিকুল ইসলাম শফি, এইচ এম আবু সালেক, আশরাফ হোসেন, জাকির হোসেন, কাজী শাহনেওয়াজ নীরু, ইমতিয়াজ আলম বাবু, মনির হোসেন, বাবুল মুন্সি, কাজী একরাম মিন্টু, মো. জাকির হোসেন, মহিউদ্দিন বাবু, তারা কাজী, আসিব ইকবাল, কাজী সালাউদ্দিন আসগর আলী প্রমুখ।











































