স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন জার্সি পরে খেলবে বাংলাদেশ। লাল-সাদা রঙে তৈরি এই জার্সির হাতার রঙও লাল।
নতুন ডিজাইনে তৈরি এই জার্সির বুকের নিচের অংশটার পুরোটাই সবুজ। বুকের উপরে কিছুটা জায়গা লাল। এরপর গলার কাছাকাছি অংশে আবার সবুজ রঙ। সামনের অংশে বড় করে লেখা দারাজের নাম। এর নিচে রয়েছে বাংলাদেশের নাম। বুকের বাম পাশে থাকবে বিসিবির লোগো।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও জার্সি পরিবর্তন করেছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের জার্সির সামনের ও পেছনের অংশ ছিল আলাদা। পেছনের অংশ বানানো হয়েছিল ম্যাশ ফেব্রিক থেকে।
শুক্রবার (১৯ নভেম্বর) শুরু হচ্ছে দু’দলের লড়াই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দু’দল দুটি টেস্ট ম্যাচেও একে অপরের মুখোমুখি হবে। ২৬ নভেম্বর প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।











































