Home আঞ্চলিক মোংলা শিল্পাঞ্চলসহ সরকারের বিভিন্ন মেগা প্রজেক্টঘিরে শক্তিশালী চোরাই সিন্ডিকেট তৎপর

মোংলা শিল্পাঞ্চলসহ সরকারের বিভিন্ন মেগা প্রজেক্টঘিরে শক্তিশালী চোরাই সিন্ডিকেট তৎপর

67
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের লুন্ঠিত পৌনে এক কোটি টাকার মালামাল দুই দফায় উদ্ধার 



মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।

 মোংলা বন্দরের শিল্পাঞ্চলসহ সরকারী বিভিন্ন মেগা প্রকল্প ঘিরে শক্তিশালী চোরাই সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে। এ সিন্ডিকেটের সদস্যরা লোপাট করছে চলমান উন্নয়নমুখী প্রকল্পের গুরুত্বপূর্ণ মালামাল। দুই দফায় কোস্টগার্ডের অভিযানে লোপট হওয়ায় প্রায় পৌনে এক কোটি টাকার মালামাল উদ্ধার হয়েছে। কিন্তু এরই ফাঁকে কয়েক দফায় পাচার হয়েছে লাখ লাখ টাকা মূল্যের মালামালও। প্রতিনিয়তই সরকারী বিভিন্ন প্রকল্পের আমদানী পণ্য দেদারছে লুটতরাজ করছে এ চক্রটি। এতে আর্থিক ক্ষতিসহ উন্নয়নমুখী প্রকল্পের কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, বর্তমান সকারের আমলে এক সময়ের মৃত প্রায় মোংলা সমুদ্র বন্দর প্রাণ চাঞ্চাল্যতা ফিরে পেয়েছে। বৃদ্ধি পেয়েছে পণ্য আমদানী-রপ্তানীসহ বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমনও। আর বন্দরের গতিশীলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে উঠেছে বিভিন্ন চোরাকারবারী গ্রুপ। এ চোরাকারবারী গ্রুপ বাণিজ্যিক জাহাজের পাশাপাশি বন্দর এলাকায় অবস্থিত শিল্প প্রতিষ্ঠান, রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারী বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পেও হানা দিচ্ছে। নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে লুটে নিচ্ছে বিদেশ থেকে আমদানীকৃত ক্যাবল, মেশিনারীজ যন্ত্রাংশ, এসএস পাইপ, কাস্টিক, তামা, লোহা ও  জেনারেটরসহ গুরুত্বপূর্ণ মালামাল। সন্ধ্যা ঘনিয়ে আসতে না আসতেই সিন্ডিকেটে চক্রের সদস্যরা নেমে পড়ে চুরি ও লুটের কাজে। সাম্প্রতিক সময় এ চক্রের সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের চোরাই ও লুন্ঠিত মালামাল চিলা, জয়মনি ও কানাইনগরসহ মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় মজুত করে রাখা হয়ে থাকে। পরে তা ট্রাক যোগে পাঠানো হয় খুলনা, যশোর, ঢাকা ও চট্রগ্রামে। চলতি মাসের প্রথম সপ্তাহে কোস্ট গার্ডের দুই দফা অভিযানে প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের চোরাই মালামালসহ দুইটি ট্রলার আটক হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেঃ কমান্ডার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম দফায় কানাইনগর পশুর নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫০ কেজি ওজনের ২৩ টি (২০ ফিট) এসএস পাইপ নৌকাসহ রবিউল শেখ (২৫) নামের  ১ জন চোরাকারবারীকে আটক করা হয়। একই এলাকায় দ্বিতীয় দফায় পরিত্যাক্ত অবস্থায় চোরাইকৃত ৩৫০ কেজি ওজনের ০৯ টি (২০ ফিট) এসএস পাইপ ও ৬০ কেজি ওজনের ৩৯টি (১৮ ফিট) এসএস পাইপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামলের আনুমানিক মূল্য প্রায় ৬৮ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটকৃত চোরাই সিন্ডিকেট চক্রের সদস্যকে মোংলা থানায় সোপর্দ করা হয়। এ খবর পেয়ে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিঃ এর প্রকৌশলী রফিকুল ইসলামসহ ৪ সদস্যের প্রতিনিধি দল থানায় এসে ওই সকল মালামাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে পাচার করে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, প্রকল্পের কাজের জন্য ওই মালামাল ভারত থেকে আনা হয়েছিল। বিভিন্ন সময় আরও লাখ লাখ টাকা মূল্যের মালামাল লোপাট হয়েছে বলে জানান তিনি। আর এ ঘটনায় রামপাল থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তবে প্রকল্পের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিভাবে চোরাকারবারী গ্রুপের আনা গোনা সেই প্রশ্নে তিনি মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় একাধিক সূত্র জানায়, রামপাল তাপ বিদুৎ কেন্দ্রসহ স্থানীয় শিল্পাঞ্চল ও সরকারি বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পকে টার্গেট করে কানাইনগর এলাকায় শক্তিশালী একটি চোরাকারারী সিন্ডিকেট চক্র তৎপর রয়েছে। ইতিমধ্যে এ চক্রের সদস্যরা ট্রাক যোগে খুলনা, যশোর, ঢাকা ও চট্রগামে লাখ লাখ টাকা মূল্যের চোরাই পণ্যের চালান পাচার করেছে। মোংলার কানাইনগর বাইদ্দাপাড়া কেন্দ্রীক এ চোরাই সিন্ডিকেট চক্রের সদস্যে মধ্যে রাজু মুন্সি, বাবলু, জুয়েল ব্যাপারী, মোস্তাকীন, বাপ্পা খাঁ, শাকিল ব্যাপারী, হাসান, একরামুল ব্যাপারী, রাজ্জাক ব্যাপারী, এনাম খাঁ, নেয়ামুল, কাশেম ব্যপারী ও ইস্রাফিল ব্যাপারী। গভীর সমুদ্র থেকে শুরু করে পশুর চ্যানেলে বন্দর কর্তৃপক্ষের স্থাপিত মাকিং বয়াও রক্ষা পায়নি। এ চক্রের অধিনে এখনও কয়েক লাখ টাকা মূল্যের মালামাল মজুত রয়েছে। কানাইনগর খাল ও আশপাশের খালে এ সকল মালামাল মজুত রয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি মহলের নিয়ন্ত্রণ করছে পুরো সিন্ডিকেট। বিভিন্ন সময় আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর হাতে দুই একজন ধরা পড়লেও ধরা ছোয়ার বাইরে রয়েছে প্রভাবশালী মহলটি। চোরা গ্রুপের তৎপরতা প্রসঙ্গে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন,  কোস্টগার্ডের অভিযানে উদ্ধার মালামাল ও এক চোরাকারবারী আটক হওয়ার ঘটনায় মোংলা থানায় একটি মামলা হয়েছে। এ মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত করছে। একই সঙ্গে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হয়েছে। এতে সিন্ডিকেট চক্রকে দ্রুত সনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি।