Home জাতীয় ইউপি নির্বাচন: সংঘর্ষ-সহিংসতায় নিহত ৬

ইউপি নির্বাচন: সংঘর্ষ-সহিংসতায় নিহত ৬

20

খুলনাঞ্চল রিপোর্ট।।

ব্যাপক সংঘর্ষ, প্রাণহানি ও ভোটকেন্দ্র দখলের মধ্যে দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ।

প্রতিনিধিদের পাঠানো খবরে নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শুরুর আগে ও ভোট চলাকালে চট্টগ্রামে ১, নরসিংদী ৩, কুমিল্লায় ১ ও কক্সবাজারে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শেরপুরে সংঘর্ষে বহু হতাহত: একজন গুলিবিদ্ধ, ভোট স্থগিত

শেরপুরে ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, লুটপাট, বাড়িঘর ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয়া দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালীন সময়ে লছমনপুরের দুইটি ও চর শেরপুর ইউপির একটি কেন্দ্র সংঘর্ষের সূচনা হয়।

কুমিল্লায় ভোটকেন্দ্রে গোলাগুলি, একজনের মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় হাসপাতালে নেয়ার পর সেখানে শাওন আহমেদ (২৫) নামে একজন মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাওন উপজেলার বল্লভপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা।

স্থানীয়রা জানান, একদল বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশ করে। পুলিশ বাধা দিলে বহিরাগতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ বাধলে যশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ডে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর ও বিদ্রোহী প্রার্থী আরিফুল আলম চৌধুরী রাজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ইউপি সদস্য প্রার্থীসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টায় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র ও বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শেষে চমেকে রেফার করা হয়।

সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্য প্রার্থী সেলিম উদ্দিন, তার ভাই মহিউদ্দিন, সমর্থক জাফর উদ্দিন, নুর উদ্দিন, ইমাম উদ্দিন জনি, নুর উদ্দিনসহ ৫ জন গুলিবিদ্ধ হন। তাদের পায়ে একাধিক ছররা গুলির ক্ষত পাওয়া গেছে।

ফটিকছড়িতে ভোটকেন্দ্রে সংঘর্ষে একজনের মৃত্যু, প্রার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রামের ফটিকছড়িতে কয়েকটি ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে মো. সফি নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই মেম্বার প্রার্থী সরোয়ার ও বেলালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালঘাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) মো. শামসুদ্দিন। এ সময় মেম্বার প্রার্থী আজাদসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন— রাসেল, রাব্বি, আবুল হোসেনসহ বেশ কয়েকজন।

ওসি (তদন্ত) মো. শামসুদ্দিন বলেন, লেলাং ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দ বাজারে ইউপি মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্থানীয় ব্যবসায়ী মো. সফি নিহত হন।

জানা যায়, উপজেলার বাগানবাজার হলুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পাইন্দং বেড়াজালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা গেছে। পরে আইনশৃংঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজারে কর্মী নিহত, আতঙ্কে ভোটারশূন্য কেন্দ্র

কক্সবাজার সদর উপজেলায় কুরুশখুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আকতারুর জামান পুতু ( ৩০) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়। এতে মেম্বার প্রার্থী শেখ কামালসহ চারজন আহত হয়েছেন। নিহত আকতারুর জামান পুতু শেখ কামালের কর্মী বলে জানা গেছে।

রায়পুরার নির্বাচনী সহিংসতায় নিহত

নরসিংদীতে সহিংসতার মধ্যদিয়ে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলেছে। এরই মধ্যে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল বাশঁগাড়ি ইউনিয়নে নির্বাচনে প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার বাশঁগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহতরা হলেন, বাশঁগাড়ি গ্রামের হিকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪৫), একই এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৭)। তাদের মধ্যে সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাশঁগাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকির সমর্থক। দুলাল বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আশ্রাফুল হকের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

ভোট শুরুর ‘১০ মিনিটের মধ্যে’ সংঘর্ষ, আহত

কুমিল্লার মেঘনা উপজেলার ৪ নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় হুমায়ুন কবির নামে এক স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ভোটগ্রহণ শুরুর পরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।