Home জাতীয় শীতল হচ্ছে উত্তরের তাপমাত্রা, ডিসেম্বরে শৈত্যপ্রবাহ

শীতল হচ্ছে উত্তরের তাপমাত্রা, ডিসেম্বরে শৈত্যপ্রবাহ

7

খুলনাঞ্চল রিপোর্ট।।

শীত আসছে। উত্তরের জেলাগুলোয় এরই মধ্যে আবহাওয়া শীতল হতে শুরু করেছে। সেখানকার আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের শুরুতে হাল্কা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এখনই উত্তরাঞ্চলে প্রতিদিনের গড় তাপমাত্রা উঠানামা করছে ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রতিদিন সন্ধ্যার পর ঘন কুয়াশা পড়ছে। কষ্ট বাড়ছে বয়স্ক ও শিশুদের।

সন্ধ্যা নামার সাথে সাথেই তাপমাত্রা কমতে থাকে সবচেয়ে উত্তরের জনপদ দিনাজপুরে। রাত থেকে বেশ বেলা পর্যন্তই কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা।

আবহাওয়া অফিস বলছে, এক সপ্তাহে ধরে জেলার তাপমাত্রা ১৬-১৯ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শিগগিরই শীত তীব্র হবে।

বেশ কয়েকদিন ধরে দিনের বেলায় গরম থাকলেও, সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে নীলফামারীতে। হালকা কনকন বাতাস অনুভূত হচ্ছে গায়ে।

সৈয়দপুর আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বরের শুরুর দিকে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

লালমনিরহাটে গত দুদিন ধরে দিনের বেলায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, সন্ধ্যায় তা নেমে আসছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াসে।

পঞ্চগড়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বৃহস্পতিবার সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

ঠাকুরগাঁয়ে রাতে তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়তে শুরু করেছে দরিদ্র মানুষ। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত মানুষ। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে শিশু ভর্তি রয়েছে ১৬০ জন।