মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবিত করতে ভোটের দিনে বহিরাগত সন্ত্রাসীদের হামলার শংকায় সংবাদ সম্মেলন করেছেন এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। এ শংকা নিয়ে রামপালের রাজনগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস,এম বদরুল হুদা হিরু শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সংবাদ সম্মেলনে রাজনগর ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুস সালাম, মোঃ আজিজাল ফকির, এনামুল হাওলাদার, আব্দুর রউফসহ চেয়ারম্যান প্রার্থী এস, এম বদরুল হুদা হিরুর কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।স্বতন্ত্র প্রার্থী এস,এম বদরুল হুদা হিরু বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করেই ক্ষ্যান্ত হয়নি ২৬ অক্টোবর আমার নির্বাচনী প্রচারণার সময় আমার ছেলে যুবলীগ নেতা গিয়াস উদ্দিন লিমন, কর্মী অমিত ও ইমরানসহ কয়েকজনের উপর হামলা চালায় তারা। প্রতিপক্ষ প্রার্থীর লোক হানিফ, পালাশ ও মিঠুসহ বহিরাগতরা গেল দুই তিনদিন ধরে ভোটারদের প্রকাশ্যে হুমকি-ধামকী দিচ্ছে। ভোটের দিন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে কেন্দ্রে কেন্দ্রে অরাজকতা সৃষ্টি করা হবে বলেও হুমকী দিচ্ছে তারা। সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে ভোটের দিন এলাকায় বড় ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনাও রয়েছে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা কিছু দুষ্কৃতকারীদের। বহিরাগতদের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট করার নীল নকশা তৈরী করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য বহিরাগতদের প্রতিহত করা প্রয়োজন। আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন বহিরাগত দুষ্কৃতকারীদের এই নীল নকশা বানচাল করে ভোট প্রদাণের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।তিনি আরও বলেন, রাজনগর ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ঐতিহ্য রয়েছে আমার পরিবারের। আমার পরিবারের একাধিক সদস্য রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আমাদের পরিবারের উপর মানুষের আস্থা রয়েছে। আমার বিশ্বাস ২ নভেম্বর নির্বাচনে দলমত নির্বিশেষে সকল ভোটাররা আমাকে ভোট প্রদাণ করবেন।










































