Home আঞ্চলিক বাদশার নৌকার বৈঠা বিএনপি’র নুরুলের হাতে ?

বাদশার নৌকার বৈঠা বিএনপি’র নুরুলের হাতে ?

49
বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম মাঝে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে ৩য় ধাপের ইউপি নির্বাচনে এক নৌকা প্রার্থীর নির্বাচনী সভাতে প্রধান অতিথি হয়েছেন উপজেলা বিএনপির এক গুরুত্বপুর্ণ নেতা। রোববার বিকালে উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মনোয়ার হোসেন বাদশার এক নির্বাচনী সভাতে কালিগঞ্জ উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহবায়ক ডাঃ নূরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে নৌকার নির্বাচনী সভাতে বিএনপির ওই নেতা প্রধান অতিথি হওয়া নিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে আলোচনা সমালোচনার ঝড় চলেছে।

জানা যায, সদ্য ৩য় ধাপে ইউপি নির্বাচনের ঘোষনার পর কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে আ’লীগের দলীয় নৌকার প্রার্থীদের নামও ঘোষনা করা হয়েছে। এতে ৩নং কোলা ইউনিয়নে আ”লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী করা হয় ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বাদশা। গত রোববার উপজেলার দামোদরপুর বাজারের ঈদগাহ মাঠে এক নির্বাচনী পথসভা ডাকে। মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিতে ওই নির্বাচনী সভাতে প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ নূরুল ইসলামকে। এ সভাতে বিএনপি নেতা ডাঃ নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি একজন বিএনপির নেতা। কিন্তু গ্রামের স্বার্থে সকলেই বাদশার নৈাকা মার্কায় মিলে ভোট দিতে হবে। এবং জোরালো ভাবে মাঠে নেমে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। সভায় ডাঃ আব্দুল কুদ্দুস, আলতাপ হোসেন ও মুকুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। একটি বড় রাজনৈতিক দল বিএনপি’র গুরুত্বপূর্ণ পদে থেকে অন্যদলের প্রতিকের পক্ষে সরাসরি ভোট চাওয়ায় খোদ বিএনপি’র নেতাদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে অতীতের নির্যাতনের স্বীকার আ’লীগের সাধারন কর্মিরাও বিষয়টি বাকা নজরে নিচ্ছেন। তাদের ভাষ্য, বিএনপি’র নেতা ডাঃ নুরুল ইসলাম তো আর আ’লীগে যোগ দেননি। ফলে হঠাৎ করে তিনি নৌকার পক্ষে ভোট চাওয়ায় আ’লীগের অনেক সাধারন নেতারাও বিষয়টি মেনে নিতে পারছেন না। তারা বলছেন,তাহলে বাদশার নৌকার বৈঠা কি নুরুলের হাতে ?

এদিকে থানা বিএনপি’র নেতাদের অনেকেই বিষয়টি নিয়ে লজ্জায় পড়েছেন। তবে তারা কেউ দায়িত্ব নিয়ে বক্তব্য দিতে রাজি হননি। সব মিলিয়ে ভোটের সমাবেশের একজনের বক্তব্যে এলাকায় খানিকটা হাসি তামাশারও সৃষ্টি হয়েছে এবং ওই নেতার ছবি সম্বলিত লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছে।

বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম বলেন, এলাকার মুরব্বীদের হাত এড়াতে পারেননি। তাই সেখানে গিয়েছিলাম।

নৌকার প্রার্থী মনোয়ার হোসেন বাদশা বলেন, আমি এখন ব্যস্ত আছি।