ঢাকা অফিস।।
বিএনপি নেতারা এখন রাজনীতি নয়, অফিসিয়াল দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ফরমায়েশি তথা নির্দেশিত হয়ে তারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন, যার সংগে দেশ ও জনগণের কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) তাঁর বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের।
শেখ হাসিনা সরকার চায় দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণও চায় একটি বিরোধীদল জনগণের চোখের ভাষা ও মনের ভাষা বুঝুক, যাদের রাজনৈতিক কর্মসূচি পালনের সক্ষমতা থাকবে। যারা জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়াবে ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকারের গঠনমূলক সমালোচনা করবে।
তিনি বলেন, বিএনপি নেতারা এখন নতুন কোনো বক্তব্য না পেয়েই পুরনো অভিযোগগুলোই বারবার নতুন করে বলছে। বিএনপিকে গুজব ও অপপ্রচার না চালিয় জনগণের পক্ষে কথা বলার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব ভুলে গিয়ে বিএনপি এখন দায়িত্বহীন এক পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে। বিএনপি জনগণের আশেপাশে না গিয়ে এখন বিচরণ করছে মিডিয়া আর ভার্চ্যুয়াল জগতে।
সরকার জনগণের দুঃখ দুর্দশা উপলব্ধি করতে পারে না, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসংগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সবার আগে যে কোনো দৈব- দুর্বিপাকে জনমানুষের পাশে দাঁড়ায়।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর অধীনে নির্মাণাধীন ৩৫টি সেতু ও রংপুর জোনের দুইটিসহ মোট ৩৭টি সেতুর উদ্বোধন করেন। মন্ত্রী তাঁর বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।










































