মনিরামপুর প্রতিনিধি ।।
মনিরামপুর হাসপাতালে চাপ কমাতে ইউনিয়নে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা ৩ হাজার টিকা প্রদানের ঘোষণা দেন। ঘোষণা পেয়ে সকাল থেকে ইউনিয়ন পরিষদে টিকা গ্রহীতাদের ভিড় জমে। দুপুর ১২ টার দিকে ঘোষণা আসে টিকা শেষ। আর কেউ টিকা পাবেন না।
শনিবার (১৬ অক্টোবর) উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদে ঘটে এমন ঘটনা। যখন এমন ঘোষণা আসে তখনও পরিষদে এক হাজারের অধিক লোক টিকার অপেক্ষায় ছিলেন। পরে টিকা না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফেরেন তাঁরা।
ওই কেন্দ্রে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী রাশিদা আক্তার বলেন, শনিবার রোহিতা ইউনিয়নে ৩ হাজার টিকা দেওয়া হবে এমন তথ্য আমাদের আগেই হাসপাতাল থেকে জানানো হয়। আমরা সে হিসেবে ইউনিয়নে ঘোষণা দিয়েছি। কিন্তু সকালে হাসপাতাল থেকে আমাদের কাছে ২ হাজার টিকা হস্তান্তর করা হয়েছে।
রোহিতা শেখপাড়া গ্রামের মমিনুর বলেন, আগেও টিকার জন্যি আইসে ফিরে গিছি। আজও টিকা নিতি পারিনি।
ওই গ্রামের জাহিদা বেগম বলেন, সকালে বাড়ির কাজ ফেলে টিকা নিতি আইছি। দুপুর পর্যন্ত বসায় রেখে এখন কচ্ছে (বলছে) টিকা নেই।
এদিকে শনিবার মনিরামপুর হাসপাতালে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় ছিল। এদিন হাসপাতালে টিকার অপেক্ষায় ছিলেন অন্তত তিন হাজার নিবন্ধনকারী।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, স্বাস্থ্যকর্মীরা ভুল শুনেছেন। সিভিল সার্জন অফিস থেকে ইউনিয়নপ্রতি চারটি বুথে দুই হাজার করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার রোহিতা, ঝাঁপা, খানপুর, দূর্বাডাঙা ও মনোহরপুর এ পাঁচ ইউনিয়নে ১০ হাজার টিকা দেওয়া হয়েছে।
ডা. শুভ্রা বলেন, শুনেছি, রোহিতা ইউনিয়ন পরিষদে এক-দুইশ’ লোক টিকা না পেয়ে ফিরে গেছেন। সামনে আবারও পরিষদে টিকা দেওয়া হবে।











































