Home আঞ্চলিক সৌন্দর্য হারাতে বসেছে তেঁতুলিয়া শাহী মসজিদ

সৌন্দর্য হারাতে বসেছে তেঁতুলিয়া শাহী মসজিদ

14

শেখ হারুন অর রশিদ।।

ছয়টি গম্বুজ ও কারুকার্য খচিত ছোট-বড় ১৮টি মিনার উঁচিয়ে প্রায় দুইশ বছরের পুরোনো ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে তেঁতুলিয়া শাহী মসজিদ। সড়কের গা ঘেঁষে মসজিদটির অবস্থান হওয়ায় এর সৌন্দর্য সহজেই নজর কাড়ে পথচারীদের। এ পথে যাতায়াতকারী অনেকেই দু’দণ্ড দাঁড়িয়ে প্রাচীন এ মসজিদের সৌন্দর্য উপভোগ করেন। বর্তমানে সংস্কারের অভাবে মসজিদের ভেতর ও বাইরের প্রাচীন স্থাপত্যশৈলী নষ্ট হতে বসেছে।

খুলনা-কয়রা আঞ্চলিক সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের ঐতিহাসিক মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ হিসেবে পরিচিত। এর মূল নাম খান বাহাদুর কাজী সালামত উল্লাহ জামে মসজিদ হলেও বর্তমানে এটি তেঁতুলিয়া শাহী জামে মসজিদ নামেই পরিচিত। ‘মোগল মুমেন্টস অব বাংলাদেশ’ নামক গ্রন্থে উল্লেখ রয়েছে, মৌলভী কাজী সালামত উল্লাহ খান বাহাদুর তেঁতুলিয়ার একজন জমিদার ছিলেন। তিনি ১৮১৮ সালে এই মসজিদ নির্মাণ করেন। তবে নির্দিষ্ট সাল নিয়ে মতপার্থক্য রয়েছে স্থানীয়দের মাঝে। মসজিদের উত্তর-পশ্চিম পাশের সালাম মঞ্জিলটিও সমসাময়িক কালের বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ১৯৮৭ সালে মসজিদটি সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়ত্তে যায়। এর আগ পর্যন্ত মূল নকশা ঠিক রেখে নিয়মিত সংস্কার করেছেন স্থানীয়রা। দুই দশক ধরে সংস্কারের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে মসজিদটি।

মসজিদ কমিটির সভাপতি মুনসী মাহরুফ হোসাইন বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে যাওয়ার পর চাইলেও আমরা এর সংস্কার করতে পারছি না। আবার কর্তৃপক্ষকে সংস্কারের বিষয়ে বললেও তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।

মসজিদের সঙ্গেই দুই একর আয়তনের একটি বড় পুকুর রয়েছে। যেটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। চুনসুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে ১৫ ফুট উচ্চতাবিশিষ্ট ছয়টি বড় গম্বুজ এবং ৮ ফুট উঁচু ১৪টি ও ২৫ ফুট উঁচু চারটি মিনার রয়েছে। মসজিদের ভেতরে পাঁচটি সারিতে ৩২৫ জন ও মসজিদের বাইরের চত্বরে ১৭৫ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। বর্তমানে অযত্ন আর অবহেলায় ঐতিহ্যবাহী এ মসজিদের সৌন্দর্য নষ্ট হতে বসেছে। সংস্কারের অভাবে সাতটি মিনার ভেঙে পড়ার উপক্রম। মসজিদের বাউন্ডারি এলাকায় বহু অজানা ব্যক্তির কবরের চিহ্ন থাকলেও সেগুলো অরক্ষিত। মসজিদের মেঝে ও পশ্চিম পাশের দেয়ালের ওপরের অংশে ফাটল ধরেছে। স্থানীয়রা মসজিদটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

মসজিদের মুসল্লি তেঁতুলিয়া গ্রামের শেখ আজিজুল ইসলাম বলেন, মসজিদটির প্রাচীন সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন। তাদের অনেকেই মসজিদের অবকাঠামো নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, তেঁতুলিয়ার মসজিদটি কয়েক বছর আগে সংস্কার করা হয়েছে। এর প্রয়োজনীয় উপকরণ ঠিক রেখে সংস্কার করতে হয়। এ জন্য চাইলেও যখন-তখন সংস্কার সম্ভব হয় না। বর্তমানে বিভাগের সব পুরাকীর্তি একই সঙ্গে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।