বিনোদন ডেস্ক ।।
একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন চিত্রনায়িকা মৌসুমী। তবে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি নায়িকার স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানী।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে ফাইজাকে নিয়ে দেশ ছাড়েন ঢালিউড অভিনেত্রী। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওমর সানী।
মৌসুমীর স্বামী জানান, তার নিজেরও এই সময় স্ত্রী-কন্যার সঙ্গে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তিনি যেতে পারেননি। ফলে আগামী ৩ নভেম্বর নায়িকার জন্মদিনেও পাশে থাকা হবে না তার।
অভিনেতা জানান, যুক্তরাষ্ট্রে মেয়ে এবং অন্য আত্মীয়দের সঙ্গে এবারের জন্মদিন পালন করবেন মৌসুমী। এছাড়া নিজের ব্যক্তিগত কিছু কাজও সেখান থেকে সারতে পারেন প্রিয়দর্শিনী এই নায়িকা।
জানা গেছে, আগামী ২৯ অক্টোবর ফাইজার বয়স ১৮ বছর পূর্ণ হবে। এরপর সে নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদন করতে পারবে। মূলত সে কাজটি করার জন্যই মেয়েকে নিয়ে সেখানে উড়াল দিলেন মৌসুমী।
মেয়েকে নিয়ে অভিনেত্রী প্রায় ২০ দিন থাকবেন যুক্তরাষ্ট্রে। এই সময়টায় মেয়ের আইডি কার্ডসহ কাগজপত্রের জন্য আবেদনের পাশাপাশি তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে খোঁজ-খবর নেবেন নায়িকা। এছাড়া সেখানে বসবাস করা মা-বোনসহ অন্য আত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন।











































