Home আঞ্চলিক প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়: সিটি মেয়র

প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়: সিটি মেয়র

6

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তাদের জীবন-জীবীকার সহায়তার লক্ষ্যে বর্তমান সরকার আমৃত্যু ভাতা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিবন্ধীদের কল্যাণে যারা এগিয়ে আসেন তারাই প্রকৃত মানবতার সেবা করেন বলে সিটি মেয়র উল্লেখ করেন।

সিটি মেয়র আজ শুক্রবার বিকেলে নগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন উপলক্ষে ‘‘জন্ম দিনে উৎসব নয়, অন্ধদের পথ চলার সাথী হতে’’ শিরোনামে রোটারী ক্লাব অব সুন্দরবন এ অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, রোটারী ক্লাব অব সুন্দরবনের সদস্য রোটা: আলহাজ্ব মফিদুল ইসলাম টুটুল, রোটা: রুহুল আমিন হাওলাদার, রোটা: মো: আব্দুল মালেক ও রোটা: ইউনুস আলী’র জন্মদিনের অনুষ্ঠান না করে সেই অর্থ দ্বারা এ সাদাছড়ি বিতরণ করা হয়। সিটি মেয়র তাদের অভিনন্দন জানিয়ে বলেন, জন্মদিনের অনুষ্ঠান না করে সেই অর্থ দ্বারা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাদাছড়ি উপহার দেয়া নিশ্চয়ই মানবতার সেবায় অনন্য অবদান। তাদের এ উদ্যোগ অন্যান্যদেরও এ ধরণের মহৎ কাজে উৎসাহিত করবে বলেও সিটি মেয়র মন্তব্য করেন।

রোটা: আলহাজ্ব জিএম কামরুজ্জামান-এর সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাফরোজা খানম, আসমা সরোয়ার মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সালেহ আহমেদ ও স্বেচ্ছাসেবী সংস্থা এডিটি-এর কোঅর্ডিনেটর আসাদুল্লাহ। অন্যান্যের মধ্যে শেখ নাছিরুজ্জামান, সেলিম আহমেদ, অধ্যক্ষ হাকিম মতিয়ার, মোল্লা মারুফ আল রশিদ, তাজুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি মেয়র উল্লিখিত রোটারিয়ানগণের জন্মদিন উপলক্ষে কেক কাটেন।