বিনোদন ডেস্ক ।।
ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন জনপ্রিয় মডেল ও দন্ত চিকিৎসক নায়লা নাঈম। গতকাল রোববার মগবাজার রেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে গিয়ে স্কুটি থেকে পড়ে যান তিনি।
নায়লা নাঈম পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘আজ (রোববার) বেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেন চলে যাবার পরে, ট্রেনের সিগনাল ছেড়ে দেয়ার পর, রেল ক্রসিং পার হওয়ার সময় দুইজন কালো মতন ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো সামনের দিকের মোবাইল এবং টুকটাক রাখার যে ব্যাগ সেটা এমনভাবে টানা-হ্যাঁচড়া শুরু করে। যেহেতু, পিকআপ কমানো ছিল কারণ রেল ক্রসিং পার হচ্ছিলাম, সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। একজনের হাতে ধারালো কোনো একটা কিছু থাকায় প্রকাশ্যে অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিল না এবং আমি পড়ে যাওয়ার পড়েও ছেলেটা ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল। পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌঁড়ে এসে আমাকে তুলে দেয়!’
তিনি আরও লিখেছেন, ‘দিনের আলোতে সবার সামনে, এতো মানুষের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। বামে দ্রুতগামী পিকআপের নিচে আমি পড়ে যেতে পারতাম যদি পিকআপটা টান দিতো তাহলে! কনুইতে আঁচড় লেগেছে। হয়তো অল্পের ওপর দিয়ে বেঁচে গিয়েছি। কিন্তু, এগুলোর সমাধান আসলে কোথায়? এই বিষাক্ত শহরে আমি আর থাকতে চাই না!’ উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন নায়লা নাঈম। মডেল হিসেবে কাজ করেছেন বেশ কয়েকটি গানের ভিডিওতে।










































