দাকোপ (খুলনা) প্রতিনিধি।।
খুলনার দাকোপের লক্ষ্মীখোলা পিচের মাথা নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৫০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতি মধ্যে বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল এবং ধ্বসে ধ্বসে পড়ছে। যে কোন মুহুর্তে ভদ্রা নদী গর্ভে বিলিন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার লোকজন।
স্থানীয় নবনির্বাচিত ইউপি সদস্য সাইদুর রহমান সৌধ জানান, বেশ কয়েক দিন যাবৎ লক্ষ্মীখোলা পিচের মাথায় পাউবো প্রায় ৫০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিছুদিন আগে ঝূঁকিপূর্ণের এক অংশে প্রায় ৫০ ফুট ওয়াপদা ভেঙে যায়। এ সময়ে পাউবো তার পাশ দিয়ে বিকল্প বাঁধ দেয়। এছাড়া ঝুঁকিপূর্ণ পুরো ওয়াপদার পাশ দিয়ে বিকল্প বাঁধের কাজ শুরু করেন পাউবো। কিন্তু জমির মালিকরা বাধা দেওয়ার কারণে বাঁধের নির্মান কাজ বন্ধ রয়েছে। বর্তমানে ওই স্থান মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল এবং নদীতে দেবে যাচ্ছে। অতি দ্রুত বিকল্প বাঁধ না দিলে যে কোন মুহুর্তে ভদ্রানদী গর্ভে বিলিন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে। আর এতে আমন ফসলসহ অসংখ্য মানুষের বাড়িঘরের অপুরনীয় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌলীর সাথে কথা হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, অতি দ্রুত ঝুঁকিপূর্ণ ওয়াপদার পাশ দিয়ে বিকল্প বেড়িবাঁধের কাজ শুরু করা হবে।











































