Home আঞ্চলিক খুলনায় স্ত্রী হত্যা মামলায় পুলিশ সদস্য স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রী হত্যা মামলায় পুলিশ সদস্য স্বামীর মৃত্যুদণ্ড

12

স্টাফ রিপোর্টার ।।

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার যোগীপোল এলাকায় স্ত্রী যোহানা আক্তার ঊষাকে হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামী মো. মাহমুদ আলমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মো. মাহমুদ আলম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের জবেদ আলী সরকারের ছেলে। তিনি খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। নিহত যোহানা আক্তার ঊষা খুলনার পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

আদালতের বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী জানান, ২০১৯ সালের ৬ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টার মধ্যে যোগীপোল এলাকার মনিরুল ইসলামের ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী যোহানা আক্তার ঊষাকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী মাহমুদ আলম।

এ ঘটনায় নিহতের ভাই জি এম সোহেল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই নৃপেন বিশ্বাস একই বছরের ১৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।